মুখার্জী নন, রানী চোপড়া!
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়ার সঙ্গে বলিউডের অভিনেত্রী রানী মুখার্জির প্রেম ও বিয়ে নিয়ে এখন পর্যন্ত বহুবারই সরব হয়েছে বলিউড-কেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যম। এবারে বলিউডের বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা রানী মুখার্জিকে ভুলবশত রানী চোপড়া সম্বোধন করায় আবারও খবরের শিরোনাম হলেন রানী-আদিত্য।সম্প্রতি যশ চোপড়ার মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শত্রুঘ্ন তাঁর বক্তব্যে বলেন, ‘চমত্কার সব চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য যশ চোপড়াকে ধন্যবাদ জানাচ্ছি। চলচ্চিত্র নির্মাতাদের সম্রাট বলা যায় তাঁকে। সৃষ্টিশীল কাজের মাধ্যমে তিনি নিজেকে কিংবদন্তিতে পরিণত করেছেন।’ জানিয়েছে পিটিআই। শত্রুঘ্ন আরও বলেন, ‘অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য পামেলা চোপড়া, উদয় চোপড়াসহ এখানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চোপড়া পরিবারের আরও দুই সদস্য আদিত্য এবং রানী চোপড়ার নাম উল্লেখ করতে ভুলে যাওয়ায় আমি দুঃখিত।’ শত্রুঘ্নর মুখে রানী চোপড়া নামটি শোনার সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত সবাই চুপ হয়ে যান। রানী অবশ্য বিষয়টিকে সহজভাবে নিয়ে হাসতে থাকেন। তারা ঝলমলে অনুষ্ঠানটিতে হাজির হয়েছিলেন পুনম ধীলন, প্রেম চোপড়া, কবির খান, পরিনীতি চোপড়া, বৈভবী মার্চেন্ট প্রমুখ। প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই রানী-আদিত্যর প্রেম এবং বিয়ের গুঞ্জন চলছে। কিন্তু শুরু থেকেই এ জুটি নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলছেন। প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও, চোপড়া পরিবারের সদস্যদের সঙ্গে রানীর সখ্য বেশ গভীর। গত বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন যশ চোপড়া। তখন সার্বক্ষণিকভাবে তাঁর পাশে ছিলেন রানী। এ ছাড়া যশ চোপড়ার শেষকৃত্য অনুষ্ঠানেও সব সময় চোপড়া পরিবারের সঙ্গেই দেখা গেছে রানীকে। সম্ভবত এসব কারণেই তাঁকে রাণী চোপড়া নামে সম্বোধন করেছেন ‘শটগান’খ্যাত শত্রুঘ্ন।