মুখোমুখি অপু-ইন্দ্রনীল

ছবির ট্রেলারে একসঙ্গে ধরা দিয়েছেন অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত। তবে মজার বিষয় হলো, শুটিং সেটে এত দিন পর মুখোমুখি হলেন তাঁরা। সম্রাট ছবির প্রথম ধাপের কাজ শেষ হয়ে এখন চলছে দ্বিতীয় ধাপের কাজ। এত দিনে অপুর সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ হলো কলকাতার নায়ক ইন্দ্রনীলের।
সম্রাট ছবির ‘নিঃশ্বাস ফিরে পাই’ শিরোনামে গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে একসঙ্গে কাজ শুরু করলেন অপু বিশ্বাস ও ইন্দ্রনীল। গত সোমবার তেজগাঁওয়ের কোক স্টুডিওর সেটে গানটির দৃশ্য ধারণ করা হয়। সকাল ১০টায় শুটিং শুরু হয়ে তা চলে পরদিন সকাল সাতটা পর্যন্ত।
ইন্দ্রনীলের কাজের প্রশংসা করে অপু বলেন, ‘ভারতের শিল্পীদের পেশাদারির জায়গাটা অনেক শক্ত। ইন্দ্রনীলের সঙ্গে কাজ করে তা আরও পরিষ্কার হলো। দিন-রাত মিলে টানা শুটিং করলাম, একটু বিরক্ত হতে দেখিনি তাঁকে।’
অপুর কাজের প্রশংসাও কম করেননি ইন্দ্রনীল। তিনি বললেন, ‘আগেই শুনেছি অপু ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী। কাজ করতে গিয়ে মনেই হয়নি যে আমরা দুজন প্রথম কাজ করছি। তাঁর কাজ খুবই গোছানো।’
ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, আজই (বুধবার) এ ধাপের শুটিং শেষ হয়ে যাবে। ঈদের পর ছবির বাকি কাজ, দুটি গান ও কিছু দৃশ্যের শুটিং দেশের বাইরে করা হবে।