
কেবল নিজেদের জগতেই দীর্ঘদিন বিচরণ করেছেন তাঁরা। এবার হাজির হচ্ছেন একই দ্বন্দ্বে। হ্যাঁ, ব্যাটম্যান ও সুপারম্যানকে এবার দেখা যাবে একই ছবিতে। কাহিনির ইঙ্গিত অনেকটাই স্পষ্ট। ছবিটির নাম ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস। মুক্তি পাচ্ছে কাল ২৫ মার্চ। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও একই দিনে মুক্তি পাচ্ছে ছবিটি। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে কাল থেকে ছবিটি দেখতে পাবেন দর্শকেরা।
সুপারম্যান সিরিজের ম্যান অব স্টিল (২০১৩) ছবিতে জেনারেল জডের সঙ্গে সুপারম্যানের লড়াইয়ে মহানগর জুড়ে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিল, সেই পরমক্ষণের আবহ নিয়েই শুরু হয় ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস। সেই নগরের রাস্তায় রাস্তায় ব্রুস ওয়েইন (ব্যাটম্যানের দ্বিতীয় সত্তা) দেখতে পান, তাঁর প্রতিষ্ঠানের ভবনটি ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ল। এ ঘটনার জন্য তিনি দায়ী করেন সুপারম্যানকে। আর তার জেরেই শুরু হয় দুই সুপার হিরোর লড়াই।
ছবির পরিচালক জ্যাক স্নাইডার মনে করেন, এ রকম ছবির কাহিনির পরিণাম থাকা উচিত। পরিণাম ছাড়াই শেষ হলে সেটা দায়িত্বহীনতার পরিচায়ক। ব্যাপারটাকে অকারণ সহিংসতা মনে করতে পারেন দর্শক।
নতুন ছবিতে ব্যাটম্যানকে (বেন অ্যাফ্লেক) কিছুটা বয়স্ক দেখায়। তিনি সুপারম্যানকে (হেনরি ক্যাভিল) বিনাশের পরিকল্পনা করেন। আর তা বাস্তবায়নের চেষ্টায় সহায়তা নেন প্রযুক্তিবিদ লেক্স লুথর (জেস আইসেনবার্গ) এবং ছলনাময়ী ডায়ানা প্রিন্সের, যিনি ওয়ান্ডার উওম্যানের (গ্যাল গ্যাডট) আরেক সত্তা।
ছবির কাহিনিতে দেখা যায়, সুপারম্যানের কার্যক্রমের বিরুদ্ধে জনমনে অসন্তোষ দেখা দেয়। একজন সিনেটর মনস্থির করেন, সুপারম্যানের জবাবদিহি চাইবেন।
সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ক্যাভিল। তিনি বলেন, ব্যাটম্যান আর সুপারম্যানের দ্বৈরথ সব সময়ই দেখা যাবে ছবিতে। আর তাতে কার চূড়ান্ত জয় হবে, সেই প্রশ্নটিও থাকে দর্শকের মনে।
এই লড়াইয়ে আগের যেকোনো দ্বন্দ্বের চেয়ে নতুনত্ব যেমন আছে, তেমনি এটা অধিকতর পরিণত ও জটিল। ব্যাটম্যানের চরিত্র রূপায়ণকারী অ্যাফ্লেক বলেন, ‘দুই সুপার হিরোর মুখোমুখি লড়াইয়ের আশঙ্কাও থাকবে দর্শকদের মধ্যে। মানুষ যেভাবে ভীত হয়, প্রতিক্রিয়া দেখায়, সেগুলোই কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি করে যে যুদ্ধ না করে উপায় থাকে না।’
সুপার হিরোর গল্পগুলো কখনো কখনো সমসাময়িক সমাজের প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। ১৯৩৮ সালে সুপারম্যানের যে কমিক বইয়ের যাত্রা শুরু, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মহামন্দার সময় একজন নায়ক বা বীরের প্রয়োজনীয়তা ফুটে ওঠে। আইসেনবার্গ বলেন, ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান চলচ্চিত্রকে বর্তমান মার্কিন সমাজের প্রতিফলন হিসেবেও দেখা যেতে পারে। দেশটির বর্তমান কিছু কিছু রাজনৈতিক প্রবণতার কদর্য দিকটি খেয়াল করলেই বিষয়টি স্পষ্ট হবে।
ছবিতে আরও অভিনয় করেছেন অ্যামি অ্যাডামস, ডায়ান লেইন, লরেন্স ফিশবার্ন প্রমুখ। ‘ওয়ান্ডার উওম্যান’ গ্যাল গ্যাডট বলেন, ‘এ ছবিতে দুই সুপার হিরোর লড়াইয়ের মধ্যেও দর্শকের বিশেষ নজর কাড়বে একটি নারী চরিত্র, ওয়ান্ডার উওম্যান। আর তাঁকেই আদর্শ মানবে খুদে দর্শকেরা।’
বিশ্লেষকেরা মনে করছেন, ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান বক্স অফিসে বড় সাফল্য পাবে। কারণ, জনপ্রিয় দুই সুপার হিরোকে একই ছবিতে এবারই প্রথম দেখা যাবে।
আশিস আচার্য
রয়টার্স ও এএফপি অবলম্বনে