মুখোমুখি কবরী ও মৌসুমী

মুখোমুখি হলেন বাংলা চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ খ্যাত অভিনেত্রী কবরী ও প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। সম্প্রতি চ্যানেল আইতে তাঁরা দুজন মুখোমুখি হন। তবে তাঁদের এই মুখোমুখি হওয়া নাটক কিংবা সিনেমার শুটিংয়ের জন্য নয়। বাংলা চলচ্চিত্রে কবরীর ৫০ বছরের বর্ণাঢ্য জীবন নিয়ে চ্যানেল আই নির্মাণ করেছে সাক্ষাত্কার ভিত্তিক একটি টিভি অনুষ্ঠান। আর এ অনুষ্ঠানে কবরীর সাক্ষাত্কার নিয়েছেন মৌসুমী।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আমি সাধারণত অনুষ্ঠান উপস্থাপনা করি না। এটা আমার কাজও না। কিন্তু যে ভাবনার ওপর ভিত্তি করে চ্যানেল আই কবরী ম্যাডামকে নিয়ে অনুষ্ঠানটি তৈরির পরিকল্পনা করেছে তা শোনার পর না করতে পারিনি।’
মৌসুমী এও বলেন, ‘বাংলাদেশি চলচ্চিত্রে কবরীর পরিচয় তিনি নিজেই। তাঁর সঙ্গে কারও কোনো তুলনা হয় না। চলচ্চিত্রের পাশাপাশি তাঁর রাজনৈতিক ক্যারিয়ারও সফল। বাংলা চলচ্চিত্রে কবরী ম্যাডামের ৫০ বছরের বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিত অনুষ্ঠানটি সঞ্চালনা করতে পেরে অনেক ভালো লেগেছে।’
মৌসুমী বর্তমানে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিতব্য ‘মন জানে না মনের ঠিকানা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ছবিটিতে তিনি আইনজীবী চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া মৌসুমী সম্প্রতি নিজের পরিচালনায় ‘শূন্য হূদয়’ নামের নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন। ছবিটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন মৌসুমী।