মুখোমুখি দীপিকা-ক্যাটরিনা
কিছুদিন আগে ক্যাটরিনা কাইফ থাকবেন বলে এক অনুষ্ঠানে যাননি দীপিকা পাড়ুকোন। পরে একই কারণে বাতিল করেছিলেন লন্ডন সফর। কিন্তু সম্প্রতি নির্মাতা করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে ক্যাটরিনার মুখোমুখি হতে হলো তাঁকে। সেখানে সাবেক প্রেমিক রণবীরের সঙ্গে ক্যাটরিনার দহরম-মহরম দেখে বিমর্ষ সময়ই পার করেছেন একাকী দীপিকা। করণের ৪১তম জন্মদিনের অনুষ্ঠানে বলিউডের আর সব রথী-মহারথীর সঙ্গে দীপিকা, ক্যাটরিনা ও রণবীরও হাজির হয়েছিলেন। সেখানে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন এ তিন তারকা। একই গাড়িতে চেপে অনুষ্ঠানে এসেছিলেন রণবীর-ক্যাটরিনা। হাত ধরাধরি করে প্রবেশের পর ‘বেতমিজ দিল’, ‘বালাম পিচকারি’সহ বেশ কয়েকটি চটুল গানের সঙ্গে নাচে মেতে ওঠেন তাঁরা। জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির ‘বেতমিজ দিল’ ও ‘বালাম পিচকারি’ গানে সহ-অভিনেত্রী দীপিকার সঙ্গে নেচেছেন রণবীর। করণের জন্মদিনের অনুষ্ঠানে সেই গানগুলোর তালেই ক্যাটরিনার সঙ্গে রণবীর যখন নাচছিলেন, তখন দীপিকার আশপাশে কেউ ছিলেন না। সে সময় একাকী দীপিকার মনের ভেতর কী চলছিল, তা একদমই প্রকাশ পায়নি। পুরোপুরি নির্বিকার ছিলেন তিনি। দীপিকার এমন ভাবলেশহীন আচরণ দেখে আমন্ত্রিত অতিথিরা বেশ অবাকই হয়েছেন। একটা সময়ে দীপিকাকে ছেড়ে ক্যাটরিনার প্রেমে মজেছিলেন রণবীর কাপুর। সেই থেকে ঠান্ডা যুদ্ধ চলছে দীপিকা-ক্যাটরিনার মধ্যে। মাঝে দূরত্ব তৈরি হলেও ইদানীং ক্যাটরিনার সঙ্গে রণবীরের সখ্য বাড়ায় ঘন ঘন খবরের শিরোনাম হচ্ছেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে একেবারে আদায় কাঁচকলা সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে ক্যাটরিনা আর দীপিকার। রণবীরের আশপাশে ক্যাটরিনার ছায়া পর্যন্ত সহ্য করতে পারছেন না দীপিকা। এ জন্য ক্যাটরিনাকে যতটা সম্ভব এড়িয়ে চলছেন তিনি। কিছুদিন আগে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির শিল্পী ও নির্মাতাদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সবাই উপস্থিত হলেও দীপিকা সেখানে যাননি। কারণ, সেখানে হাজির ছিলেন ক্যাটরিনা। পরে ছবিটির প্রচারণার জন্য লন্ডন যাওয়ার কথা থাকলেও ওই সফর বাতিল করেন দীপিকা। কারণ, একই সময়ে লন্ডনে অবস্থান করার কথা ছিল ক্যাটরিনার।