মুখোমুখি বাসু চ্যাটার্জি
সুপার-ডুপার হিট হিন্দি ছবি রজনীগন্ধা এবার ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় বাংলায় নির্মাণ হতে চলেছে। তবে ছবিটির নাম রজনীগন্ধা থাকছে না। দুই বাংলাতেই নাম হচ্ছে, রজনী এখনো বাকি। ছবিটি প্রযোজনা করবেন বাংলাদেশের ফরিদুর রেজা সাগর। আর পরিচালনা করবেন বলিউডের প্রবীণ পরিচালক বাসু চ্যাটার্জি। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ছাড়াও বাংলাদেশের আরও একটি ছবির চিত্রনাট্য এবং সংলাপও লিখলেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্র, ঢাকায় শুটিং ইত্যাদি বিষয় নিয়ে সেদিন কথা হলো প্রবীণ পরিচালকের সঙ্গে তাঁর মুম্বাইয়ের বাসায়। প্রথম আলোর জন্য সাক্ষাৎকার চাইতেই তিনি বললেন, ‘কাল বিকেল চারটের সময় চলে এসো বাসায়। কথা বলা যাবে।’ কথামতো মুম্বাইয়ের অভিজাত এলাকা সান্তাক্রুজের ওয়েস্ট এভিনিউর বহুতল বাড়ি ভাওলেট ভিলার একতলায় হাজির হলাম। বাড়ির ঠিক পেছনের দিকে নর্থ এভিনিউয়ে একসময় থাকতেন প্রয়াত সংগীত পরিচালক রাহুল দেব বর্মণ ওরফে বলিউডের পঞ্চমদা। যা-ই হোক, একতলায় কলবেল টিপতেই খালি গায়ে লুঙ্গি পরে বেরিয়ে এলেন বাসু চ্যাটার্জি। বুঝলাম, সবে দিবানিদ্রা সেরেছেন। উনি আমাকে বসার ঘরে নিয়ে গেলেন। বললেন, আগে চা খাও, তারপর কথা হবে। তার পরই আমার হাতে থাকা প্রথম আলো পত্রিকাটি দেখতে চাইলেন। পাতা উল্টে বললেন, ‘অনেক পাতা, আর খবরও ঠাসা। তবে তার চেয়ে আমার ভালো লাগে প্রথম আলো নামটি। ঢাকায় শুটিং করার সময় এ কথা ওদেরও বহুবার বলেছি।’ কথার ফাঁকে এল চা এবং অবশ্যই বিস্কুট। চায়ে চুমুক দিয়েই শুরু হলো এক কাপ চা ছবি নিয়ে।শুনলাম, বাংলাদেশে তৈরি হচ্ছে বাংলা ছবি ‘এক কাপ চা’, যার চিত্রনাট্য ও সংলাপ নাকি আপনার?ঠিক শুনেছ। তার আগে কয়েকটা কথা বলা দরকার। ছবিটি তৈরি করছে নায়ক ফেরদৌস। ও আমার খুব প্রিয় অভিনেতাও। এক কাপ চা ছবিটি হিন্দিতে শুরু করেছিলাম বছর ১৫ আগে। ছবির নায়ক ছিল অমল পালেকর ও নায়িকা জরিনা ওয়াহাব। শুটিং প্রায় ৪০ শতাংশ হওয়ার পর প্রযোজকের টাকার অসুবিধা থাকায় ছবিটি বন্ধ করে দিতে হয়। তারপর আর ছবিটি নিয়ে তেমনভাবে ভাবিনি। একদিন ফেরদৌসের সঙ্গে শুটিং করার সময় ছবিটির কথা তাকে বললাম। ফেরদৌসের গল্পটা খুব ভালো লাগল। বলল, ‘দাদা ছবিটার গল্প আমাকে দিন। আমি বাংলাদেশে ছবি বানাব।’ সেই সঙ্গে একটা শর্ত জুড়ে দিল—ছবিটির চিত্রনাট্য ও সংলাপ তৈরি করে দিতে হবে। তা করেও দিলাম। এরপর সব দায়িত্ব ফেরদৌসের।‘এক কাপ চা’ ছাড়াও আরও একটি ছবি বাংলাদেশের জন্য করছেন শুনলাম।এ ছবিটি আমি নিজে পরিচালনা করছি। তবে এটিও ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে। ছবির কিছুটা শুটিং হবে কলকাতায়, কিছুটা হবে ঢাকা ও বাংলাদেশের অন্য জায়গায়। আমার হিন্দি ছবি রজনীগন্ধা হচ্ছে বাংলায়। তবে বাংলায় নাম বদলে হচ্ছে রজনী এখনো বাকি। নায়ক-নায়িকা ঠিক হয়নি। শিগগির ঠিক হবে। আমি ও সাগর ভাই এ নিয়ে আলোচনা করব। তবে গানে সামান্য পরিবর্তন থাকবে। এ বছরই শুটিং শেষ করে দেব।ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ছবি তৈরির অভিজ্ঞতা কেমন?দারুণ। আর এটি তো আমার প্রথম ছবি নয়, এর আগে মোট দুটো ছবি করেছি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায়। এ ছাড়া ফেরদৌসকে নিয়েই তো তিনটি ছবি করেছি—হঠাৎ বৃষ্টি, চুপিচুপি আর টক ঝাল মিষ্টি। এ ছাড়া ঢাকায় শুটিংও করেছি। আর অভিজ্ঞতাও বেশ ভালো। উঁচু মাপের কলাকুশলী আছে। অতীতে বেশ কিছু বড় মাপের অভিনেতা, অভিনেত্রীকে বাংলাদেশের ছবিতে দেখা গেছে। তা ছাড়া নতুন প্রজন্মের অনেকেই বেশ উঁচু মানের। আর সবচেয়ে বড় কথা, ওরা ভীষণ সহযোগিতা করে।ঢাকার কোথায় কোথায় শুটিং করেছেন? ঠিক মনে নেই জায়গাটা। তবে গুলশান কিংবা বনানী হবে। সেখানের একটা বাড়িতে শুটিং হলো। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ও ঢাকার একটি পার্কে শুটিং হলো। আর ঢাকা শহরটাও আগের তুলনায় এখন বেশ উন্নত। আতিথেয়তার তো তুলনা হয় না।বাংলাদেশের ছবি কেমন লাগে আপনার?খুব বেশি ছবি আমার দেখা হয়নি। তবে যে কটা দেখেছি বেশ ভালো লেগেছে। আগেই তো বললাম, বেশ উঁচু মাপের কলাকুশলী ছাড়াও বড় মাপের অভিনেতা-অভিনেত্রীও রয়েছে ঢাকায়। এই তো সে দিন মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একটা ছবি দেখলাম। নামটা এ মুহূর্তে মনে পড়ছে না। তবে এক কথায় বলব অসাধারণ ছবি।বাংলাদেশে ভারতীয় ছবি আমদানির ব্যাপারে দুটো পক্ষ তৈরি হয়েছে। এক পক্ষ ভারতের ছবি বাংলাদেশে আসুক বলে আবেদন জানিয়েছে। আর অন্য পক্ষ এর বিরোধিতা করে বিষয়টি চাপা দিয়েছে। এ ব্যাপারে ভারতীয় পরিচালক হিসেবে আপনার মতামত কী?দেখো, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং বিতর্কিত। এ নিয়ে আমার আগ বাড়িয়ে বলাটা ঠিক মানায় না।