সমাজ কিংবা ব্যক্তির নানা রকমের রূপ ফুটিয়ে তুলতে পারে মুখোশ। কখনো মুখোশের আড়ালে লুকিয়ে থাকে আসল রূপটি। আবার মুখোশ কখনো নিছক বিনোদনের উপকরণ। নানা রং ও ভঙ্গিমার মুখোশ নিয়ে রাজধানীর গ্যালারি জল রংয়ে চলছে ‘বাংলাদেশের মুখোশ’ শীর্ষক একটি প্রদর্শনী।প্রদর্শনীর উদ্বোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষক হামিদুজ্জামান খান। মুখোশের প্রদর্শনীটি ২৫ এপ্রিল পর্যন্ত চলবে।বর্তমানে বাংলাদেশে দুই ধারার মুখোশ দেখা যায়—একটি লোকায়ত বা ঐতিহ্যবাহী ধারা; অন্যটি শহুরে চারুশিল্পীদের নির্মিত আধুনিক ধারা। ঐতিহ্যবাহী ও আধুনিক এই উভয় ধারার মুখোশ নিয়ে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক ৩০ জন শিল্পীর করা মুখোশ দিয়ে সাজানো হয়েছে এই বিশেষ প্রদর্শনী। গ্যালারি জল রংয়ের আয়োজনে ৮ মার্চ থেকে ২ এপ্রিল দেশের বিভিন্ন অঞ্চলের তরুণ শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত মুখোশ নির্মাণ কর্মশালায় বানানো মুখোশ এবং দেশের বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত ঐতিহ্যবাহী মুখোশ রয়েছে এই প্রদর্শনীতে।প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন নেন্দেল দেব শর্মা, নিমাই মালাকার, তরুণ ঘোষ, সুকুমার পাল, সাবিন শাহিরয়ার, ফারুক আহমেদ, আবদুল মোমেন, আমানুল হক খান, অমিত কোচ, অনন্যা দে, মোবাশ্বির আলম মজুমদার প্রমুখ। নাট্যকর্মী জসীম উদ্দিনের স্মৃতিতেসংলাপ গ্রুপ থিয়েটারের সহসভাপতি জসীম উদ্দিন নাছির বেশ কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। তাঁর স্মৃতি ধরে রাখার জন্য সংলাপ গ্রুপ থিয়েটার আজ বুধবার থেকে জাতীয় নাট্যশালায় দুই দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। সংলাপ গ্রুপ থিয়েটার তাঁর স্মৃতিতে ‘জসীম উদ্দিন নাছির স্মৃতি পদক’ নামে একটি পদকের প্রচলন করেছে। জাতীয় নাট্যশালায় আজকের অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলীকে এ পদক দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় স্মৃতিচারণা ও পদক প্রদান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে দৃষ্টিপাত নাট্যদলের নাটক রাজা হিমাদ্রি। কাল একই স্থানে সাতটায় মঞ্চস্থ হবে সংলাপ গ্রুপ থিয়েটারের বদনাম।