মুগ্ধতা ছড়াল তুরঙ্গমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী ও নারীর কেন অন্তর্গত মিল থাকতে হয়, তা হয়তো শুধু রবীন্দ্রনাথই জানতেন। সে কারণেই বুঝি নদীর মতো এক কূল গড়ে অন্য কূলে গিয়ে ভিড়েছেন অনেকবার, ভিন্ন মুগ্ধতায়। তাঁর কাদম্বরী, মৃণালিনী আর ইন্দিরায় মিলেমিশে অসংখ্য কবিতা, গান, গল্প আর আঁকার বিমূর্ত বহুবীথিকা এক মঞ্চে তুলে এনেছে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার। মঞ্চে প্রথমবারের মতো পরিবেশিত হলো দলটির ওয়াটারনেস। মুগ্ধতা ছড়িয়ে শুনিয়ে গেল রবীন্দ্রনাথের সত্তার স্বর। ভারতীয় ও সমসাময়িক নাচ, ধ্রুপদি জ্যাজ, রবীন্দ্রনাথের কবিতা, গদ্য, চিত্র আর ছবি নিয়ে এ পরিবেশনা। তাতে ধরা পড়েছে রবীন্দ্রনাথের জীবন ও শিল্প।
গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চের এ পরিবেশনায় বিমোহিত দর্শক পরিচিত হলেন যেন নতুন এক শিল্পের সঙ্গে। নাচ ও সুরের মাধ্যমে যে গল্প তুলে ধরা হলো, এর নামই দেওয়া হয়েছে ড্যান্স থিয়েটার। নৃত্যনাট্যের উপাদানগুলো ছাড়াও এতে ছিল আবৃত্তি ও তাইচি। ধীমান ভট্টাচার্যের পাণ্ডুলিপি, তবে মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনায় ছিলেন পূজা সেনগুপ্ত।
পুরো প্রযোজনাটিই ছিল মোহময়, তবে ‘আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’, ‘বেলা গেল তোমার পথ চেয়ে’, ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’, ‘বধূ মিছে রাগ কোরো না’ গানগুলোর সঙ্গে নৃত্য বা অভিনয়ের অংশগুলো বিশেষভাবে মন ছুঁয়ে যায়।
পরিবেশনা শেষে কয়েকজন দর্শক জানালেন, এ ধরনের পরিবেশনা আগে কখনো দেখেননি তাঁরা। এর নাম যা-ই হোক না কেন, বিমল আনন্দ পেয়েছেন তাঁরা। একই মঞ্চে একটি পরিবেশনায় বাংলা ও ইংরেজি ভাষায় আবৃত্তি, নানা রকম আলো-ছায়ায় নাচ আর হৃদয় নিংড়ানো গানের যে আবহ সৃষ্টি করল তুরঙ্গমী, তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন কেউ কেউ।
পরিবেশনা শেষে শিল্পীদের শুভেচ্ছা জানাতে মঞ্চে এসেছিলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান ও অভিনেত্রী ও নৃত্যশিল্পী লায়লা হাসান।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক কেএফসি ও পিৎজা হাট। সহযোগী পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংক।