মুঘল-ই-আজম এখনো মুগ্ধ করে
মুঘল-ই-আজম মুক্তির পর কেটে গেছে ৫০ বছর । কিন্তু এখনো সব শ্রেণীর দর্শকের মধ্যে ছবিটির আবেদন ঠিক আগের মতোই। অর্ধশতাব্দী আগে মুক্তি পাওয়া ছবিটির সেই সেট, নাচের দৃশ্য এবং সর্বোপরি গান সবাইকে আজও মন্ত্রমুগ্ধ করে। এখনো ছবিটি একালের পরিচালক এবং কলাকুশলীদের কাছে বিরাট অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।১৯৬০ সালের ৫ আগস্ট মুক্তি পাওয়া মুঘল-ই-আজম ছিল একটি প্রেমের ছবি। তৈরি হয়েছিল শাহজাদা সেলিম ও নর্তকী আনারকলির প্রেমের করুণ পরিণতির জনশ্রুতি অবলম্বনে । সেলিম চরিত্রে দিলীপ কুমার, আনারকলি চরিত্রে মধুবালা আর আকবরের ভূমিকায় অভিনয় করেছিলেন পৃত্থিরাজ কাপুর।এখন ভারতে চলচ্চিত্র পরিচালকেরা মনে করেন মুঘল-ই-আজমের মতো ছবি আর কখনো তৈরি হবে না। এটা সব সময়ের জন্য ক্লাসিক এবং সব সময়ের জন্য এক অমর প্রেমগাথা। তাঁরা মনে করেন, ছবিতে দিলীপ কুমার ও মধুবালার প্রেম এককথায় অসাধারণ, এর সীমা আজও কেউ ডিঙাতে পারেনি, আর পারবেও না।ছবির পোশাক-পরিচ্ছদের আয়োজনটাও সবাইকে আজও অবাক করে। সব চরিত্রের কথা ভেবে পোশাক-পরিচ্ছদে আনা হয়েছিল পুরোপুরি বাস্তবের ছোঁয়া। পোশাকগুলো বানাতে দর্জি আনা হয়েছিল দিল্লি থেকে। এমব্রয়ডারির জন্য দক্ষ লোক আনা হয় গুজরাট থেকে আর অলংকারশিল্পীদের আনা হয়েছিল হায়দরাবাদ থেকে। এ কালের ব্ল্যাক ও যুবরাজ ছবির শিল্প-নির্দেশক উমাঙ্গ কুমার বলেছেন, এ পেশায় আসার পেছনে ছবিটি তাঁকে প্রেরণা দিয়েছিল। অনেকের মতো ছবিটি থেকে তিনিও বহু কিছু শিখেছেন। তিনি আরও বলেন, রাজওয়ারা প্রাসাদ এবং শিষমহলে চিত্রায়িত প্যায়ার কিয়া তো ডরনা কিয়া গানটি এখনো স্মরণীয় হয়ে আছে। তিনি বলেন, ‘আসলে আমি ছবিটি যতবারই দেখেছি তার প্রতিটি দৃশ্য আমাকে কেবল অবাকই করেছে। প্যায়ার কিয়া তো ডরনা কিয়া গানের সঙ্গে মধুবালার নাচের দৃশ্যটি থেকে আমি ক্যামেরার কাজ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করি।’ ছবিটি ছিল সাদাকালো। মাত্র কয়েকটা দৃশ্য ছিল রঙিন। অনেক পরে সেটি পুরোপুরি রঙিন করেও মুক্তি দেওয়া হয়।সম্প্রতি ছবিটি নিয়ে আগ্রহ দেখিয়েছেন বলিউডে একালের আলোচিত নায়িকা সোনম কাপুর। কারণ, আনারকলি চরিত্রটি সোনমের অসম্ভব ভালোলাগার একটি চরিত্র। এ নিয়ে সোনম বেশ স্বপ্নও দেখেন। তিনি বলেছেন, ‘মুঘল-ই-আজম আমার প্রিয় সিনেমার মধ্যে এক নম্বর স্থানে। যদি কখনো ছবিটি পুনর্নির্মিত হয়, তা হলে আমি আনারকলি চরিত্রটি করতে আগ্রহী। ছবিটি আবার বানালে সেলিম চরিত্রে অভিষেক বচ্চন এবং আকবর হিসেবে নিঃসন্দেহে অমিতাভ বচ্চনই যথার্থ হবেন।’