মুঠোফোন নম্বরের বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিনা কাপুর একটু মুশকিলেই ফেলেছেন ভারতের মুম্বাইয়ের প্রসাদ ডোকেকে। ২৪ বছরের সফটওয়্যার প্রকৌশলী প্রসাদের এখন হাত ব্যথা হয়ে যাচ্ছে কারিনাকে পাঠানো মুঠোফোন বার্তা মুছতে গিয়ে। শুধু বার্তাই নয়, সঙ্গে আসছে ফোনকলও। ‘কারিনা, আমি তোমাকে ভালোবাসি’, ‘কারিনা আমি তোমাকে বিয়ে করতে চাই’—এগুলো যুবকদের পাঠানো মুঠোফোন বার্তা। আর মেয়েদের বার্তাটি হলো, ‘কারিনা, প্লিজ, শহীদ কাপুরের মুঠোফোন নম্বরটা একটু দেবে?’ এমন কয়েক শ মুঠোফোন বার্তা পাওয়ার পর প্রসাদ অভিযোগ জানাতে ছুটে যান স্থানীয় পুলিশ স্টেশনে। সবকিছু শোনার পর পুলিশও হাসল। জানা গেছে, গত শুক্রবার কারিনা-শহীদ কাপুরের মিলেঙ্গে মিলেঙ্গে ছবিটি মুক্তি পেয়েছে। ছবির একটি দৃশ্যে ডায়েরির পাতা ওল্টোতে গিয়েই কারিনার মুঠোফোনের নম্বর পেয়ে যান শহীদ। নম্বরটা পর্দায় ভেসে ওঠে। কিন্তু ওই নম্বরটি বেচারা প্রসাদের মুঠোফোনের। তার পর থেকেই প্রসাদের রাতের ঘুম উঠে গেছে। বাধ্য হয়ে প্রসাদ এখন তাঁর মুঠোফোনটি বন্ধ করে দিয়েছেন। ছবির প্রযোজক ঘটনার জন্য প্রসাদের কাছে ক্ষমা চেয়েছেন।