মুঠোফোন বিড়ম্বনায় ইমন

মুঠোফোন হারিয়ে ভালোই বিপাকে পড়েছেন চিত্রনায়ক মামনুন ইমন। প্রয়োজনীয় ফোন নম্বরগুলো কেবল মুঠোফোনে ছিল বলে এখন অনেকের সঙ্গে যোগাযোগ করতে বেশ ভুগতে হচ্ছে তাঁকে। গত সপ্তাহের কোনো একদিন শুটিংয়ের সময় ইমনের ফোনটি খোয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
প্রথম আলো ডটকমকে ইমন বলেন, ‘মোবাইল ফোন এখন আমাদের জন্য অপরিহার্য একটা বিষয় হয়ে গেছে। মোবাইল ফোন ছাড়া আমরা একটা মুহূর্তও চিন্তা করতে পারি না। দেশে কিংবা দেশের বাইরে সবার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোনই এখন একমাত্র ভরসা। সেই ফোন হারানোটা যে কী কষ্টের, তা এবার ভালো রকমই টের পেলাম। কোনো ধরনের প্রয়োজনীয় যোগাযোগই কারও সঙ্গে রক্ষা করতে পারছি না।’
ইমন আরও বলেন, ‘আমরা যারা মিডিয়াতে কাজ করি, প্রায়ই তাঁদের উটকো ফোনকলের মুখোমুখি হতে হয়। কিন্তু সেটে পরিচিত ও প্রয়োজনীয় নম্বরগুলো সংরক্ষণ করা থাকলে উটকো ফোনকলের ঝামেলাটা এড়ানো সম্ভব। মোবাইল ফোনসেট হারানোর পর থেকে সব নম্বরই এখন রিসিভ করতে হচ্ছে। এ এক ভিন্ন রকম অভিজ্ঞতা বলা যায়। তবে ফেসবুকের মাধ্যমে পরিচিতদের বলেছি, তাঁদের নম্বরগুলো যেন কষ্ট করে পাঠিয়ে দেন। এতে কিছুটা হলেও ঝামেলা এড়িয়ে চলা সম্ভব হবে।’
ইমন সম্প্রতি শাহীন-সুমন পরিচালিত নতুন ছবি ‘কেউ কথা রাখেনি’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ত্রিভুজ প্রেমের এই ছবিতে ইমনের সহশিল্পী হলেন আঁচল। এবারই প্রথম তাঁরা দুজন জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন। আগামী মাসে মালয়েশিয়ায় ছবিটির শুটিং শুরু হবে বলেও জানান ইমন।
এ প্রসঙ্গে ইমন জানান, ‘অনেক দিন পর নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলাম। “কেউ কথা রাখেনি” ছবির গল্পটা ভালো লাগার কারণেই কাজটি করতে রাজি হয়েছি। এর আগে অনেকের সঙ্গে আমি ছবিতে অভিনয় করেছি। এবারই আমার সঙ্গে ছবিতে অভিনয় করবে আঁচল। আশা করছি, আমার অন্য ছবিগুলোর মতো এটিও সবার কাছে ভালো লাগবে।’