মুঠোফোনে এলআরবির যুদ্ধ
এলআরবির ভক্ত-শ্রোতাদের জন্য সুখবরই বলা যায়। দীর্ঘ প্রতীক্ষার পর আসছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ব্যান্ডের নতুন অ্যালবাম ‘যুদ্ধ’। তবে সেটা আসছে মুঠোফোনে। বাংলালিংকের মিউজিক স্টেশন ৫৮৫৮-এ আগামী সোমবার থেকে এলআরবির ভক্তরা ‘যুদ্ধ’ অ্যালবামের গানগুলো শুনতে পারবেন। বাংলালিংকের মিউজিক স্টেশনে মাস খানেক থাকার পরই অ্যালবামটি সিডি আকারে প্রকাশিত হবে।এলআরবির নতুন অ্যালবাম যুদ্ধ প্রকাশ উপলক্ষে কাল রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে এলআরবির সদস্যরা ছাড়াও উপস্থিত থাকবেন বাংলালিংকের হেড অব মার্কেটিং ডিভিশন (এম-কমার্স ও ভাস) সোলায়মান আলম ও প্রধান জনসংযোগ কর্মকর্তা শারফুদ্দীন আহমেদ।অ্যালবামটি মুঠোফোনে প্রকাশ করা প্রসঙ্গে আইয়ুব বাচ্চু প্রথম আলো ডটকমকে বলেন, ‘এখন প্রযুক্তির যুগ। এ সময় মুঠোফোনের ভাবনাটা চমত্কার। তাই অ্যালবামটি প্রকাশের ক্ষেত্রে মুঠোফোনের ভাবনাটা বেছে নিয়েছি।’এর আগেও কয়েকবার যুদ্ধ অ্যালবামটি প্রকাশ করা হবে করে করেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি। এ ব্যাপারে আইয়ুব বচ্চু বলেন, ‘আসলে নানা কারণে অ্যালবামটি প্রকাশ করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে এলআরবির ভক্তরা যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, তাঁদের ধন্যবাদ।’ যুদ্ধ অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। গানের কথাগুলো লিখেছেন সাজ্জাদ হুসাইন ও নিয়াজ আহমেদ অংশু। গানগুলো হল যুদ্ধ, আবার যুদ্ধে যাব, অন্ধকার, অন্ধ, একটি ছেলে, আগুন নিয়ে খেল না, সাপলুডু, পুরোটাই ফাঁকি এবং যে চলে যায়।