মুঠোফোনে ‘আহ্বান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের শেষ দিক থেকে মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংকের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন সংগীতশিল্পী হাবিব। তাদের পৃষ্ঠপোষকতায় আগামী সপ্তাহের শুরুতেই বের হচ্ছে হাবিবের তৃতীয় একক অ্যালবাম আহ্বান। তবে প্রথম দিকে হাবিব-ভক্তরা অ্যালবামটি সিডি আকারে হাতে পাবেন না। প্রকাশের এক সপ্তাহ পর্যন্ত শ্রোতারা তাঁদের মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে গানগুলো শুনতে পারবেন। এরপর গানের সিডিটি বাংলালিংকের গ্রাহকদের সিমের সঙ্গে বিনা মূল্যে দেওয়া হবে বলেও বাংলালিংক সূত্রে জানা গেছে। মাস খানেক এভাবে চলার পরই অ্যালবামটি দেশের বিভিন্ন মিউজিক স্টোরে দেওয়া হবে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন একটি ধারণা বলে মনে করছেন অনেকেই।এ প্রসঙ্গে হাবিব বলেন, ‘আসলে মোবাইলে অ্যালবাম প্রকাশের বিষয়টি আমাদের দেশের জন্য একেবারেই নতুন একটি কনসেপ্ট। তবে এ ধরনের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে, সেটা বাংলালিংক কর্তৃপক্ষই ভালোভাবে বলতে পারবে।’হাবিব আরও বলেন, ‘আমরা এখন প্রায় সবাইকে দেখি মোবাইলের হেডফোনের মাধ্যমে গান শুনতে। তাই মোবাইলে অ্যালবাম প্রকাশটা ভালো হবে বলে মনে হলো। বলতে পারেন নতুন একটি সিস্টেমের সঙ্গে নিজেদের যুক্ত করা আর কি।’আহ্বান অ্যালবামে গান রয়েছে নয়টি। হাবিবের সুর ও সংগীতে গানগুলোর কথা লিখেছেন ফেরদৌস ওয়াহিদ, সাকি আহমেদ, ইলিয়াস মোল্লা, মাহবুব মহসিন ও সুস্মিতা বিশ্বাস। থাকছে তিনটি দ্বৈত গান। দুটিতে হাবিবের সঙ্গে গেয়েছেন ন্যান্সি, একটিতে কণা। হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদের গাওয়া একটি গানও থাকছে অ্যালবামে।উল্লেখ্য, সংগীতশিল্পী হাবিবের প্রথম একক অ্যালবাম শোনো বের হয় ২০০৬ সালে এবং দ্বিতীয় একক বলছি তোমাকে ২০০৮ সালে।