মুঠোফোনের পর সিডিতে অর্ণবের ‘আধেক ঘুমে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে প্রকাশিত হওয়ার মাস খানেকের মধ্যেই সিডি আকারে বাজারে এল শায়ান চৌধুরী অর্ণবের নতুন একক গানের অ্যালবাম ‘আধেক ঘুমে’। অর্ণবের পঞ্চম একক গানের এ অ্যালবামটি বাজারে এনেছে বেঙ্গল মিউজিক। এর আগে গত এক মাস ধরে মুঠোফোন প্রতিষ্ঠান রবির ৮০৮০৪ নম্বরে ডায়াল করে অর্ণবের নতুন অ্যালবাম আধেক ঘুমের গানগুলো শুনেছেন সবাই।গতকাল শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে ছিল ‘আধেক ঘুমে’ অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির ভারপ্রাপ্ত সিইও মতিউল ইসলাম নওশাদ। উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরসহ সংগীত জগতের আরও অনেকে। প্রকাশনা অনুষ্ঠানে অর্ণব অ্যালবামের বেশ কয়েকটি গান গেয়ে শোনান।আধেক ঘুমে অ্যালবামটি অর্ণব সাজিয়েছেন শান্তিনিকেতনে শেখা গানগুলো থেকে নির্বাচিত ১২টি রবীন্দ্রসংগীত নিয়ে। এ ছাড়া অ্যালবামটিতে একটি মৌলিক গানও রয়েছে। রবীন্দ্রসংগীতগুলোর মধ্যে রয়েছে ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’, ‘আধেক ঘুমে’, ‘সঘন গগনে’, ‘আমি কান পেতে রই’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘কোথা হতে বাজে’, ‘প্রচণ্ড গর্জনে’, ‘ধ্বনির আহ্বান’, ‘পুরোনো সেই’, ‘আমার দিন ফুরাল’। এর মধ্যে ‘শাওনে গগনে’ গানে শ্রাবন্তী আলী ও ‘আমার দিন ফুরাল’ গানে কণ্ঠ দিয়েছেন ওয়ার্দা। বাকি গানগুলো অর্ণবের একক কণ্ঠের।প্রথম আলো ডটকমকে অর্ণব বলেন, ‘আধেক ঘুমে অ্যালবামটির জন্য গত দুই বছর আমি শুধু পিয়ানো নিয়ে পড়ালেখা, তা শেখা আর রপ্ত করার কাজ করেছি। আর সেই শেখার বিষয়টিকে এ অ্যালবামটিতে কাজে লাগানোর চেষ্টা করেছি। একসময় রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গানের সঙ্গে পিয়ানো বাজিয়েছিলেন তাঁরই বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। ওই গানগুলোর সুরে অন্য রকম একটা অনুভূতি তৈরি হয়। তা থেকে আমিও অনুপ্রাণিত হয়েছি, এবারের অ্যালবামটির জন্য গান করার সময় এ কারণেই পিয়ানো ব্যবহার করেছি। গানগুলোতে সেই অনুভূতিটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এ ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন বন্ধু অ্যাইভিন্ড লডেমেল।’উল্লেখ্য, আধেক ঘুমে অর্ণবের পঞ্চম অ্যালবাম। তাঁর আগের অ্যালবামগুলো হলো, ‘চাই না ভাবিস’, ‘হোক কলরব’, ‘ডুব’ ও ‘রোদ বলেছে হবে’।