মুনতাসীর মামুনের ৬০তম জন্মদিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলে ফুলে ভরে গিয়েছিল মঞ্চ। অধ্যাপক মুনতাসীর মামুনের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে তাঁকে ভালোবাসা, শুভেচ্ছা আর শ্রদ্ধা জানাতে এই ফুল নিয়ে এসেছিলেন তাঁর শুভানুধ্যায়ীরা। তাঁদের মধ্যে ছিলেন তাঁর বন্ধু, সহকর্মী, বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের সহযোদ্ধা, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং পারিবারিক সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে মুনতাসীর মামুন জন্মদিন উদ্যাপন কমিটি।বিকেলে গ্রন্থাগারের সেমিনার হলে এ পর্যন্ত প্রকাশিত মুনতাসীর মামুন রচিত গ্রন্থের দুই দিনব্যাপী প্রদর্শনী উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। উদ্বোধন করেন শিল্পী হাশেম খান ও ফাতেমা মামুন।পরে ছিল আলোচনা। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন কাইয়ুম চৌধুরী, বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর, রাশেদ খান মেনন, মহীউদ্দীন খান আলমগীর, রফিকুন নবী, আমীর-উল ইসলাম, মুজাহিদুল ইসলাম সেলিম, শামসুজ্জামান খান, নাসির উদ্দীন ইউসুফ, আবু সাঈদ খান, নাসির আহমেদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ঝুনা চৌধুরী, ওসমান গণি, ফরিদ আহমেদ প্রমুখ।এ ছাড়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, জাতীয় কবিতা পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ, বঙ্গবন্ধু লেখক পরিষদ, জাতীয় আর্কাইভ, পেশাজীবী সমিতি, চাঁদপুরবাসী, ফরিদগঞ্জবাসী, কচুয়া জেলা সমিতি, দৈনিক ইত্তেফাক, বাংলাভিশন, চ্যানেল আইসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।জন্মদিন উপলক্ষে ‘ষাটে মুনতাসীর মামুন’ নামের গ্রন্থ প্রকাশ করেছে জন্মদিন উদ্যাপন কমিটি। এতে তাঁর জীবন ও কর্মের ওপর দেশের ৩০ জন বিশিষ্ট ব্যক্তির লেখা রয়েছে।অনুষ্ঠানে সুবর্ণ প্রকাশনী থেকে প্রকাশিত তাঁর নতুন বই ‘আমাদের মুক্তিযুদ্ধ’-এর মোড়ক উন্মোচন করা হয়। এতে শিশুদের জন্য সহজ ভাষায় সংক্ষিপ্ত আকারে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে।অনুষ্ঠানে মুনতাসীর মামুন ও ফাতেমা মামুন ট্রাস্টে ৫৫ হাজার টাকা অনুদান দিয়েছেন তাঁর বিশ জন প্রাক্তন শিক্ষার্থী। এই ট্রাস্ট থেকে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুনের জন্ম ঢাকার ইসলামপুরে ১৯৫১ সালের ২৪ মে। ঢাকা নিয়ে গবেষণার জন্য তিনি প্রসিদ্ধি অর্জন করেছেন। এ ছাড়া ইতিহাস ও অন্যান্য বিষয়ে গবেষণাকর্মে নিয়োজিত আছেন তিনি। যুক্ত আছেন প্রগতিশীল সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গেও।