মুনমুন সেন বললেন, 'মা ভালো আছেন'

‘মা ভালো আছেন। অল্প কথা বলেছেন। সবাই তাঁর জন্য প্রার্থনা করুন।’ মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার বেল ভিউ হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের কর্মীদের বললেন সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন। এ সময় গত কয়েক দিনের তুলনায় তাঁকে অনেকটা নিশ্চিন্ত মনে হয়।
হাসপাতালের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সোমাবার খিচুড়ি খেতে চেয়েছিলেন সুচিত্রা সেন। মঙ্গলবার দুপুরে বাসা থেকে খিচুড়ি আনা হয়। কিন্তু তিনি খেতে পারেননি।
সুচিত্রা সেনের বিছানার পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁর দুই নাতনি রাইমা আর রিয়া। সুচিত্রা সেনের চোখ বন্ধ। চিকিৎসকেরা তাঁকে বলেন, ‘আপনার দুই পাশে দুই সুন্দরী দাঁড়িয়ে আছেন। আপনি যাঁকে ভালোবাসেন, তাঁর দিকে তাকান!’
সুচিত্রা মৃদু হেসে সোজা চিকিৎসকের দিকে তাকালেন!
চিকিৎসকদের বক্তব্য, ওষুধের পাশাপাশি সুচিত্রা সেনের এখন পুষ্টিকর খাবার বেশি প্রয়োজন। তাঁরা সে দিকে নজর রাখছেন। গতকাল বুধবার সকালে মুখেই চা পান করেছেন সুচিত্রা সেন। গ্লাস থেকে পানি পান করেছেন।
চিকিৎসক দলের অন্যতম সদস্য সুব্রত মৈত্র বলেন, ‘সুচিত্রা সেন কিন্তু এখনো আশঙ্কামুক্ত নন। তাঁর ফুসফুসের সমস্যা রয়েই গেছে।’