মুনমুনের এগিয়ে চলা
টিভিতে তাঁর উপস্থিতি ছোটবেলা থেকেই। কখনো উপস্থাপনায়, আবার কখনো অভিনয়ে। কিন্তু তখন কেই-বা চিনত তাঁকে। সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে তিনি আসলে কাজ করেননি। শখ আর কৌতূহল থেকেই কাজ করা। এর পরই তিনি অংশ নিলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়। সেরা সুন্দরীদের একজন হয়ে আলোচনা উঠে এলেন। তবে শুরুতে অভিনয় দিয়ে নয়, আলোচনায় উঠে এলেন কথাবন্ধু হয়ে। এরপর উপস্থাপক হিসেবে, অভিনয়েও মুনমুন নিজেকে চেনালেন ঠিক সময়েই। এখন টিভির পর্দায় প্রিয় মুখ হয়েই সরব উপস্থিতি তাঁর।ক্যারিয়ারের পাঁচ বছর সময় পার করছেন তিনি। জানতে চেয়েছিলাম, এই সময়ে তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি কী?অনেকটা সময় নিয়ে ভাবলেন।‘বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের আগে যে প্রাক-উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলাম। আমি মনে করি, এটি ছিল আমার জন্য অনেক বড় একটি পাওয়া।’আড্ডাজাতীয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে ‘আমার আমি’ পরিচিতি পেয়েছে। এই অনুষ্ঠানটি শুরু করেছিলেন অপি করিম। অনেকেই প্রশ্ন করেন, অপির পর মুনমুন যখন কাজটি করতে গেলেন, তখন সেখানে মুনমুন কি অপিকেই অনুসরণ করলেন, নাকি নিজের মতো করে কিছু করেছেন?‘আমার প্রিয় অভিনেত্রী বলেন, উপস্থাপক বলেন, সবকিছুতেই অপি আপুর নাম বলি। আমাকে যখন বাংলাভিশন থেকে বলা হলো, তখন আমি প্রথমে নার্ভাস ছিলাম। মুস্তাফিজুর রহমান বললেন, “তোমার ওপর আমার আস্থা আছে। তুমি পারবে।” তাঁর এই কথাগুলো আমাকে বড় রকমের উৎসাহ জুগিয়েছে। বাংলাদেশে উপস্থাপনা বা কথাবন্ধুর জায়গাটায় উন্নয়নের যথেষ্ট সুযোগ আছে। আমি সেই সুযোগটাকে খুঁজেছি এবং কাজটা করছি।’ আমার আমি অনুষ্ঠানে কাজ করতে গিয়ে মুনমুনের অনেক অভিজ্ঞতা হয়েছে। যেমন, প্রথম অনুষ্ঠানে মুনমুনকে আলী যাকের ও সারা যাকেরের মুখোমুখি হতে হলো। খুবই ঘাবড়ে গেলেন। তার পরও পূর্বপ্রস্তুতি থাকায় সামলে নিয়েছিলেন নিজেকে। মুনমুন এখন শুধু টিভিতেই নয়, উপস্থাপনা করেন বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের নানা অনুষ্ঠানে। এ জন্য তাঁর নামের আগে উপস্থাপক মুনমুন শব্দটি যোগ হয়ে গেছে এরই মধ্যে।তাহলে অভিনয়ের কী হবে?‘উপস্থাপনার কাজটা একই রকম। শুধু বিষয়বস্তু ভিন্ন থাকে। কিন্তু অভিনয়ের সময় আমি কিন্তু একেক সময় একেক রকম চরিত্র নিয়ে আসছি। ভিন্ন্ন ভিন্ন মানুষের সঙ্গে কাজ করছি। ফলে উপস্থাপনার কাজটা অভিনয়ের ওপর কখনো প্রভাব ফেলে না।’অভিনেত্রী হওয়ার জন্য লাক্স-চ্যানেল আই প্ল্যাটফর্মে যোগ দিয়েছিলেন মুনমুন। সিনেমায় অভিনয় করা হবে, এটা জেনেও তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। বিনোদনের সব মাধ্যমেই মুনমুন অংশ নিয়েছেন, কিন্তু সিনেমাতেই অনুপস্থিত কেন?মুনমুন হাসেন। বললেন, ‘সিনেমায় অভিনয় করব না, এমনটা বলিনি। তবে সিনেমাটা অনেক বড় একটি মাধ্যম। এখানে কাজ করার আগে নিজেকে প্রস্তুত করে নেওয়া প্রয়োজন। সেই কাজটাই করছি। ’জানতে চাওয়া হলো যে আপনি অনেক কিছুই করছেন? আসলে আপনার লক্ষ্য কী?মুনমুন এখনো কোনো লক্ষ্য নিয়ে কাজ করছেন না। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছেন। উপস্থাপনা ও অভিনয় দুটোই চলছে। বিজ্ঞাপনচিত্রের কাজ তো করছেনই। ‘এই কাজগুলো আসলে আমার বিশেষ পছন্দের কাজ বলতে পারেন। পেশা হিসেবে আমি আসলে নিজেকে কোথায় জড়াব, সেটি ঠিক করতে আরও সময় লাগবে।’ এবার মুনমুনের ব্যক্তিগত দিক নিয়ে কথা বলা যায়। কেউ কেউ বলে, একজন অভিনেতার সঙ্গে নাকি...?মুনমুন হাসেন, ‘না রে ভাই। একদম হলফ করেই বলতে পারি, আমার সঙ্গে কোনো দিনই কারও সম্পর্ক ছিল না। কোনো অভিনেতার সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক কোনো দিনই হয়নি যে যাকে জীবনসঙ্গী করার কথা উঠতে পারে।’অভিনেতার কথাটা না হয় গুজব। কিন্তু আপনার সঙ্গে কি কারও কোনো সম্পর্ক হয়নি। কেউ আপনাকে ভালোবাসার কথা বলেনি? কাউকে কি আপনার ভালো লাগেনি?এবার কিছু বলেন না। ভাবেন। সময় নেন। তারপর বললেন, ‘অনেকেই আমাকে পছন্দ করতে পারেন। আমিও হয়তো কাউকে পছন্দ করতে পারি। কিন্তু একটা কথা বলে রাখি, আমার বিয়েটা আসলে হবে পারিবারিকভাবেই।’