মুনমুনের গুনগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শরীর খারাপ হলে আম্মার কথা বেশি মনে পড়ে। আম্মা শরীর খারাপ হলে যা করতেন!’ জ্বরে কাবু হয়ে মুনমুন স্মরণ করেন মায়ের কথা, ‘২০০৪ সালের ডিসেম্বরে ক্যানসারে মারা গিয়েছিলেন আম্মা। আম্মার অভাব আসলে কখনোই পূরণ হওয়ার নয়। আমার বড় বোন আবৃত্তি করতেন, মেজো বোন বাফা থেকে নজরুলগীতি শিখেছেন, আমি বাফা থেকে নাচ শিখেছি, তরঙ্গ ললিতকলা থেকে গান শিখেছি, অভিনয়ে হাতেখড়ি হয়েছে, পল্টনের ঢাকা থিয়েটারে ক্লাস টুতে পড়ার সময় অভিনয়ের কর্মশালায় অংশ নিয়েছিলাম—সবই কিন্তু সম্ভব হয়েছিল আম্মার কারণে। এখনো ভাবলে অবাক হই, সকালে আম্মা স্কুলে নিয়ে যেতেন। সেখান থেকে নাচ-গান শিখতে যেতাম। রাতে বাড়ি ফিরে পড়াশোনা; ঘুমুতে ঘুমুতে রাত ১২টা-১টা বেজে যেত। পুরোটা সময় আম্মা সঙ্গে থাকতেন। লিটল জুয়েলস নার্সারি ইনফ্যান্ট অ্যান্ড জুনিয়র স্কুলে পড়ার সময় দ্বিতীয় শ্রেণীতে প্রথম হয়েছিলাম। নাম ঘোষণার সময় আব্বা-আম্মা আমার সঙ্গে ছিলেন। ছবি তুলেছিলাম। সেই ছবি আজও আমার সঙ্গে আছে। পুরো পরিবারই আমার আজকের এই মুনমুন হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। তবে আম্মা আমার ভাবনার সঙ্গে জুড়ে আছেন প্রতিনিয়ত। খুব মিস করি আম্মাকে।’ব্যক্তি মুনমুনকে নিয়ে দু-একজন সহকর্মী বলেন, তিনি নাকি খুব ‘বোরিং’। আসলেই কি তা? স্বভাবসুলভ হাসি ছড়িয়ে মুনমুন মেনে নেন অভিযোগ, ‘আসলে আমি খুব চুপচাপ-প্রকৃতির মেয়ে। আড্ডা জমাতে পারি না। শুটিং করতে এসে শুটিংয়ের ভাবনাটাই মাথার মধ্যে ঘুরপাক খায় বেশি। শুটিংয়ের অবসরেও প্রায়ই বইখাতা নিয়ে পড়াশোনা করেছি। স্বাভাবিকভাবেই অনেকের ধারণা হয়েছে, আমি খুব অহংকারী। আসলে আমি খুব আবেগি একটা মেয়ে। অল্পতেই সন্তুষ্ট হই। সবার উদ্দেশেই হাসি ছড়িয়ে দিই। প্রত্যুত্তরে হাসি ফেরত না পেলে কষ্ট পাই। তবে জ্যেষ্ঠরা অনেকেই কিন্তু আমাকে ‘লক্ষ্মী মেয়ে’ সম্বোধন করেন।’লক্ষ্মী মেয়ে মুনমুন কাজের ফাঁকফোকর দিয়ে বিবিএর পড়াশোনাটাও শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। কাজও করছেন উল্লেখ করার মতো—হুমায়ূন আহমেদের লেখা শহীদ রানার দীঘির জলে কার ছায়া গো, এজাজ মুন্নার ধূপছায়া, সালমান মাহমুদের লুকিং গ্লাস, গোলাম হাবিব লিটুর বাটপার, অনিকেতের ফ্রেন্ডশিপ, শঙ্খদাস গুপ্তর মেহলী ও ইতির গল্প (সঙ্গে হুমায়ুন ফরীদি)। উপস্থাপনার কাজও চলছে পাল্লা দিয়ে। বৈশাখীতে শুভবিবাহ, আরটিভিতে লুক অ্যাট মি, বাংলাভিশনে এসিসিএ বাংলাদেশ, সামনে আসছে লাইফ ইন স্টাইল; সঙ্গে নিয়মিতভাবে ইভেন্ট উপস্থাপনা তো আছেই। পর পর তিনবার লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মতো জনপ্রিয় ইভেন্ট উপস্থাপনা করার সৌভাগ্যও হয়েছে মুনমুনের। দু-একজন নিন্দুকদের অভিযোগ, এ উপস্থাপনাই অভিনেত্রী মুনমুনের জন্য ‘কাল’ হয়েছে। মুনমুনের অভিনয়ে উপস্থাপনার গন্ধ পাওয়া যায়। আবারও হাসি ছড়িয়ে মুনমুন বলেন, ‘আমার কাছে কিন্তু উল্টোটা মনে হয়। অভিনয়ের সময় আমার বিভিন্ন চরিত্র নিজের মধ্যে ধারণ করতে হয়। উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু ব্যক্তি মুনমুনকে তুলে ধরি। নিজের মতো করে কথা বলি।’আপত্তি সেখানেও। মুনমুন তো উপস্থাপনার মতো বাস্তব জীবনেও শুদ্ধ বাংলায় কথা বলেন। তবে কেন কিছু নাটকে কথ্য ভাষায় ‘করছি, খাইছি’ শব্দ ব্যবহার করে অভিনয় করেছেন? অভিযোগ আবারও মেনে নেন মুনমুন, ‘ব্যাপারটা নিয়ে আমিও ভেবেছি। আমি তো ব্যক্তিজীবনেও “করছি, খাইছি” বলি না। কিন্তু অনেক পরিচালক সেটা মানতে চান না, যে কারণে তাঁরা আমাকে পছন্দও করেন না। শুদ্ধ ভাষায় কথা বলাটাই এখন অনেকে ‘ঢং’ মনে করেন।’প্রথম ছবি দারুচিনি দ্বীপ-এর পর চলচ্চিত্র থেকে দূরে সরে গেলেন মুনমুন। কারণটা কী? ‘সত্যি বলতে, চলচ্চিত্রে অভিনয় করার জন্য আমি এখনো প্রস্তুত নই। ভালো চলচ্চিত্র হলে যথাযথ প্রস্তুতি নিয়ে ভবিষ্যতে অবশ্যই কাজ করব।’ আর গান, নাচ? ছোটবেলা থেকে শেখা গান, নাচ থেকেও দূরে কেন মুনমুন? ‘এক কথায় বললে চর্চাটা করা হচ্ছে না। পড়াশোনা, অভিনয়, উপস্থাপনার কাছে নাচ, গান পিছিয়ে পড়েছে। তবে নাচটা আমার কাছে অনেক ভালো লাগার বিষয়। ভেতর থেকে আনন্দ নিয়ে আমি নাচ করি। সময়-সুযোগ হলে নাচটা ধরে রাখতে চাই।’শুভবিবাহ অনুষ্ঠানের উপস্থাপিকা নিজে বিয়ে করবেন কবে? হাসির ফোয়ারা ছড়িয়ে মুনমুন পাল্টা প্রশ্ন করেন, ‘কী দরকার এত তাড়াতাড়ি স্বাধীনতা বিসর্জন দেওয়ার? নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলি, আরও বেশি দায়িত্বশীল হই, তখন নাহয় বিয়ের কথা ভাবব। এর আগে কোনোভাবেই নয়।’