মুনমুনের নাম বুন্দিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুনমুন
মুনমুন

 লাক্স তারকা মুনমুনকে আমরা চিনি একজন জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা হিসেবে। কিন্তু ছোটবেলা থেকেই তাঁর কাছে শিক্ষকতা করা ছিল মজার একটি বিষয়। স্কুল থেকে ফিরেই মায়ের শাড়ি পরে নিতেন। তারপর বাসার স্টিলের আলমারিকে ব্ল্যাকবোর্ড আর ঘরের চেয়ার-টেবিল, খাট-পালঙ্ককে ছাত্র বানিয়ে সেখানেই শুরু করে দিতেন ক্লাস নেওয়া। স্কুল থেকে শিখে আসা বিদ্যা মুখস্থ করিয়ে ছাড়তেন তাঁর সব জড় শিক্ষার্থীকে। বাসার কাজের লোকদেরও তিনি তখন তাঁর ছাত্র বানিয়েছেন। স্টিলের আলমারিতে চকের কারুকাজে আলমারিটার যখন প্রাণ ওষ্ঠাগত, তাঁর বাবা তখন তাঁকে একটা ব্ল্যাকবোর্ড কিনে দিয়েছিলেন। সেটি এখনো তাঁর বাসায় ঝুলে আছে।
 ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস প্রিফেক্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মুনমুন। মজার কথা হলো, মুখে সব সময়ই মুক্তো ঝরানো হাসি ঝুলিয়ে রাখা এই মুনমুনকে ক্লাসের অন্য সবাই নাকি তখন খুব ভয় পেত, তখন নাকি তিনি খুব গুরুগম্ভীর হয়ে থাকতেন।
 ছোটবেলায় তোলা বেশির ভাগ ছবিতেই মুনমুনকে দেখা গেছে আচারের বয়াম থেকে আচার খাওয়া অবস্থায়। টকে আসক্ত মুনমুনের এই অভ্যাস সব খাবারের ক্ষেত্রেই ছিল কি না, তা অবশ্য মুনমুন পরিষ্কার করে বলেননি।
 লাক্স তারকা হওয়ার পর মুনমুনকে উপস্থাপনা করতে দেখা গেছে অনেক সময়ই। কিন্তু আপনি জানেন কি, মাত্র অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই তিনি একটি অনুষ্ঠানের উপস্থাপিকা হয়েছিলেন! ‘ট্রাভেলারস ট্রাভেল শো’ নামে সেই অনুষ্ঠানটি তখন প্রচারিত হতো চ্যানেল আইয়ে। সেই অনুষ্ঠান উপস্থাপনার প্রশংসা করে কেউ একজন তাঁকে একটি চিঠি লিখেছিলেন। নিজের কাজের প্রশংসায় ভরা সেই চিঠিটি হারিয়ে ফেলার কষ্ট এখনো পীড়া দেয় মুনমুনকে।
 ছোটবেলায় মুনমুনের খুব নিয়মিত একটা অভ্যাস ছিল ডাইনিং রুমের বেসিনের সামনে একটা চেয়ার টেনে তার ওপর উঠে দাঁড়ানো। তারপর সাবান দিয়ে হাত ধুতে ধুতে জিব কামড়ে মুখে এক অদ্ভুত শব্দ করা। মজার বিষয় হলো, মুনমুন এখনো জিব কামড়ে সেই চর্চাটা করেন মাঝেমধ্যে।
 মুনমুন ছোটবেলায় যে স্কুলে পড়তেন, সে স্কুলের নিয়ম ছিল পরীক্ষায় প্রথম থেকে তৃতীয় স্থান অর্জন করা ছাত্রছাত্রীদের তাদের বাবা-মায়ের সামনে পুরস্কৃত করা, সঙ্গে সার্টিফিকেট প্রদান। প্রথম স্থান অর্জন করার পর তেমনই এক অনুষ্ঠানে মুনমুন সবার উদ্দেশে হাত নাড়লেন, সঙ্গে মাইকে গাইলেন গান। প্রথমবারের মতো মাইকের সামনে কিছু বলার সেই মুহূর্তটার কথা তিনি আজও ভোলেননি। মুহূর্তটিকে ক্যামেরায় বন্দী করে সযত্নে তুলে রেখেছেন নিজের কাছে।
 মুনমুনকে আমরা কেউ রোমানা, আবার কেউ মুনমুন নামে ডাকলেও তাঁর বড় আপু তাঁকে ডাকেন মুন্না বলে, আর তাঁর দাদুর দেওয়া নামটা তো আরও চমৎকার, সেটি হলো বুন্দিয়া।
গ্রন্থনা: আবদুল ওয়াজেদ