মুনিরা ইউসুফ মেমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার আরামবাগের পুরোনো দুটি চলতি প্রযোজনা বলদ ও রূপভান নাটক দুটিতে তিনি নিয়মিত অভিনয় করে এসেছেন। তবে দলের অন্য চলতি প্রযোজনা জন্মসূত্র নাটকে তাঁকে দেখা যায়নি। বেশ কয়েকটি প্রদর্শনী ইতিমধ্যে শেষ হয়েছে নাটকটির। নতুন নাটকে অভিনয় না করলেও দলের সামনের একটি নতুন প্রযোজনায় মুনিরা ইউসুফ মেমীকে ঠিকই দেখা যাবে। ‘নাটকটি রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী ঘিরে ঢাকার প্রথম সারির অনেক নাটকের দলই রবীন্দ্রনাথের নাটক মঞ্চে আনার প্রস্তুতি নিচ্ছে। সেই সারিতে থিয়েটার আরামবাগও কাজ করতে যাচ্ছে। জন্মসূত্র নাটকটিতে কাজ করা হয়নি। ব্যক্তিগত কারণেই কাজটি করতে পারিনি। তবে রবীন্দ্রনাথের নাটকে কাজ করার প্রবল ইচ্ছা। একজন শিল্পীর অভিনয়জীবনে অন্তত একটা হলেও রবীন্দ্রনাথের নাটকে অভিনয় করার শখ থাকে।’ বললেন মেমী। ‘আমাদের দলের হীরেনদা নাটকটির পাণ্ডুলিপি তৈরি করছেন। তিনিই নির্দেশনা দেবেন। কাজও এগিয়ে চলেছে। দলে ইতিমধ্যে নাটকটির কাজের প্রস্তুতিও চলছে। তবে নাম এখনো ঠিক হয়নি। নাটকটি রবীন্দ্রনাথের সার্ধশততম বার্ষিকীর উৎসবে মঞ্চে আসবে।’