মুনীর চৌধুরী নাট্যোৎসব শুরু

জাতীয় নাট্যশালার নিচে বিশাল ব্যানারে আঁকা তাঁর প্রতিকৃতি। সামনে নানা রকমের ফুল। প্রদীপ জ্বলছে। প্রতিকৃতিটি যাঁর, তাঁকে এ প্রজন্ম দেখেনি। তিনি আধুনিক বাংলা নাটকে নতুন দিগন্তের রূপকল্প মেলে ধরেছিলেন। শহীদ মুনীর চৌধুরী। বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে জেলে বসে লিখেছিলেন ঐতিহাসিক নাটক কবর। বরেণ্য এই নাট্যকার স্মরণে গতকাল শুক্রবার থেকে শিল্পকলা একাডেমীর আয়োজনে শুরু হলো তিন দিনব্যাপী ‘মুনীর চৌধুরী নাট্যোৎসব’। তাঁর রচিত ও অনূদিত পাঁচটি নতুন নাটক নিয়ে সাজানো হয়েছে উৎসব। একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগ প্রযোজনাগুলো মঞ্চে এনেছে। একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে এ উৎসব শেষ হবে কাল রোববার।
গতকাল সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটারে ছিল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, ফেরদৌসী মজুমদার ও সারা যাকের। শুভেচ্ছা বক্তব্য দেন সারা আরা মাহমুদ।
পরে মঞ্চস্থ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের নাটক মানুষ। মুনীর চৌধুরীর রচনা থেকে নাটকটির নির্দেশনা দিয়েছেন মাহবুবুর রহমান। সাম্প্রদায়িক সম্প্রীতিকে উপজীব্য করে এগিয়েছে নাটকের কাহিনি। অসাম্প্রদায়িক চেতনা, সম্প্রীতির সেতুবন্ধ ও উদার মানবতাই এ নাটকের মূল দর্শন। ১৯৪৭ সালের হিন্দু-মুসলিম দাঙ্গাকে ঘিরে নাট্যকার মুনীর চৌধুরী নাটকটি রচনা করেন।