শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী স্মরণে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আলোচনা সভা ও নাট্যোৎসব। উদ্বোধনী দিনে আজ মুনীর চৌধুরীর দণ্ড নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে আজ সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিওতে উদ্বোধন করা হবে দুই দিনব্যাপী আলোচনা সভা ও নাট্যোৎসব। প্রধান অতিথি থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার। আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী বলেন, ‘একাডেমী প্রতিবছর রুটিনমাফিক শহীদ মুনীর চৌধুরীসহ কয়েকজন প্রয়াত কৃতী ব্যক্তির স্মরণসভা করে থাকে; যা আলোচনা সভা, সেমিনার ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে এ বছর শহীদ মুনীর চৌধুরী স্মরণসভার পরিকল্পনা করতে গিয়ে আমরা নাট্যকলা বিভাগের তরুণ সহকর্মীদের তাঁর একটি নাটক মঞ্চায়নের আহ্বান জানাই। তাঁরা সাগ্রহে রাজি হন। শনিবার সন্ধ্যায় একই মঞ্চে মঞ্চস্থ হবে মুনীর চৌধুরী রচিত কালজয়ী নাটক কবর।‘আমাদের কথা’সাঁকোর (ওমেন আর্টিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ থেকে নিউ ডিওএইচএস মহাখালীর গ্যালারি কসমসে শুরু হচ্ছে দলীয় প্রদর্শনী ‘আমাদের কথা’। উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনিত ওথমান। সম্মানিত অতিথি থাকবেন মুক্তিযোদ্ধা এবং শিল্পী ফেরদৌসি প্রিয়ভাষিণী ও সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান।প্রদর্শনীতে শিল্পী ফরিদা জামান, নাইমা হক, কনক চাঁপা চাকমা, নাসরিন বেগম, ফারেহা জেবা, ফারজানা ইসলাম, রেবেকা সুলতানা, সুলেখা চৌধুরী প্রমুখের চিত্রকর্ম স্থান পাবে। এতে সাঁকোর ১২ জন শিল্পীর প্রত্যেকের দুটি করে চিত্রকর্ম প্রদর্শিত হবে।গত অক্টোবর মাসে সাঁকো, ঢাকা আর্ট সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে কিবরিয়া প্রিন্ট স্টুডিওতে সপ্তাহব্যাপী ছাপচিত্রের এচিং মাধ্যমের একটি কর্মশালার আয়োজন করে। মূলত কর্মশালায় আঁকা সেই সব শিল্পকর্ম থাকছে এখানে। কসমস গ্রুপ ও কসমস আঁতেলিয়ের৭১’র সহযোগিতায় আয়োজিত প্রদর্শনীটি ১২ মার্চ পর্যন্ত চলবে।পথনাটক উৎসব শনিবার থেকেমুক্তিযুদ্ধের শেষ নাই/ যুদ্ধ শেষে যুদ্ধ চাই—স্লোগানে শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হচ্ছে বাংলাদেশ পথনাটক উৎসব। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও ছয় দিনব্যাপী উৎসবের আয়োজন করছে বাংলাদেশ পথনাটক পরিষদ। বিকেল সাড়ে চারটায় উৎসব উদ্বোধন করবেন ভাষাসংগ্রামী আহমদ রফিক। ৭ মার্চ পর্যন্ত চলবে এ উৎসব। শুরু হবে প্রতিদিন বিকেল চারটা থেকে। সারা দেশের ৫০টি নাট্যদল অংশগ্রহণ করবে এ উৎসবে। ‘ফ্রম দ্য স্টেশন’ আজ শুরু ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে আজ থেকে শুরু হচ্ছে তরুণ ছাপচিত্রশিল্পী নিত্যানন্দ গাইনের প্রথম একক ছাপচিত্র ‘ফ্রম দ্য স্টেশন’। এ প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী মাহমুদুল হক, আবুল বারক আলভী, আনিসুজ্জামান প্রমুখ। প্রদর্শনীতে ২৫ থেকে ৩০টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। প্রদর্শনী চলবে ১৪ মার্চ পর্যন্ত।