
বাংলাদেশের নাটকের অন্যতম পথিকৃৎ শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে রচিত একটি নাটক মঞ্চে এসেছে গতকাল। নাট্যদল থিয়েটার অঙ্গনের দশম এই প্রযোজনার নাম মুনীর চৌধুরী। নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত।
গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিন ছিল গতকাল। সমাপনী আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়।
নাটক মঞ্চায়ন ছাড়াও মুনীর চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে ছিল আলোচনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতি ছিলেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, নাট্যজন রামেন্দু মজুমদার ও মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর। আলোচনা পর্বের পরপরই সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হয় মুনীর চৌধুরী নাটকটি।