মুন্সিগঞ্জে মাল্টিপ্লেক্স
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জেড এইচ শিকদার শপিং সেন্টারে প্রতিষ্ঠা করা হয়েছে একটি মাল্টিপ্লেক্স। নাম পিক্স সিনেপ্লেক্স। মাল্টিপ্লেক্সটিতে ১০০ আসনের দুটি প্রেক্ষাগৃহ রয়েছে।
পিক্স সিনেপ্লেক্স সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ছোট মাল্টিপ্লেক্স নির্মাণ করে সুস্থ বিনোদন ও সংস্কৃতি প্রসারের আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে তারা সাড়া দিয়েছে। ক্ষুদে প্রেক্ষাগৃহ দুটি শীতাতপনিয়ন্ত্রিত ও ধূমপানমুক্ত। পরিবারবান্ধব ও রুচিশীল পরিবেশে দর্শকেরা ছবি উপভোগ করবেন।
পিক্স সিনেপ্লেক্সে প্রতিদিন দুটি সিনেমার তিনটি করে শো হয়। দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এই শোগুলো। প্রতিটি শোর টিকিট মূল্য ২০০ টাকা। শিশু-কিশোরদের জন্য আছে ‘চাঁদের হাসি’ নামে একটি খেলাঘর। ‘ইছামতী’ নামে আছে একটি আধুনিক রেস্তোরাঁ ও কফি শপ।
গত ৩১ আগস্ট সন্ধ্যায় জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই সিনেমা হল ও রেস্তোরাঁর। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পিক্স সিনেপ্লেক্সের মালিক নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গত মঙ্গলবার মাল্টিপ্লেক্সটিতে গেলে স্থানীয় বাসিন্দা মেহেদি হাসান বলেন, ‘সিরাজদিখান উপজেলায় কোনো সিনেমা হল ছিল না। এখানে সিনেমা হল হওয়ায় খুব ভালো হয়েছে। এখন আর কষ্ট করে দুই ঘণ্টার রাস্তা পাড়ি দিয়ে মুন্সিগঞ্জ বা শ্রীনগর যেতে হবে না।’ মুন্সিগঞ্জ সদর উপজেলা থেকে সিনেমা দেখতে আসা জুবায়ের আলম বললেন, ‘এখানকার পরিবেশ ভালো। এবার থেকে পরিবার নিয়ে এখানেই ছবি দেখতে আসব।’
টঙ্গিবাড়ী উপজেলা থেকে আসা রাফাত সিকদার বলেন, ‘যদি হলিউড, বলিউডের ছবিও এখানে দেখানো হয়, তবে আশপাশের জেলাগুলো থেকেও বিনোদনপ্রেমীরা এখানে ছুটে আসবেন।’
বক্স অফিসের সামনে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ভিড় ঠেলে সামনে গিয়ে কথা হলো আফরোজা জাহানের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা খুব এক্সাইটেড। আজ অনেক বছর পর পরিবারের সবাই মিলে বাংলা ছবি দেখতে এসেছি। আশির দশকের সিনেমাগুলো সবাইকে নিয়ে দেখা যেত। হলের পরিবেশও ভালো ছিল।’
পিক্স সিনেপ্লেক্স সিনেমা হলের ব্যবস্থাপক সুদীপ ব্যানার্জি বলেন, ঈদের দিন থেকে হলে সিনেমা দেখানো হবে বলে খুব তাড়াতাড়ি কাজ শেষ করেছেন তাঁরা। এখনো কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে। শিগগিরই সেগুলো শেষ হবে। ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি দেখানোর ব্যবস্থাও হচ্ছে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি জেলায় পিক্স সিনেপ্লেক্স নির্মাণ করার ইচ্ছা আছে। প্রাথমিকভাবে কুমিল্লা, কুষ্টিয়া, বগুড়া ও কক্সবাজারে কাজ চলছে।