মুভির পর্দায় অপরাহ্ উইনফ্রে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যা রিংকেল ইন টাইম ছবিতে অপরাহ্ উইনফ্রে
অ্যা রিংকেল ইন টাইম ছবিতে অপরাহ্ উইনফ্রে

অ্যাস্ট্রাল ট্র্যাভেলার্স। শরীর নয়, আত্মাকে কাজে লাগিয়ে যারা যেকোনো সময়ে পৌঁছতে পারে। সময়, মহাবিশ্ব—এসব নিয়ে তাদের জ্ঞান অসীম। কিশোরী মেগ মারিকে একটা সময় মুখোমুখি হতে হয় এই অ্যাস্ট্রাল ট্র্যাভেলার্সদের। নিজের জ্যোতিঃপদার্থবিজ্ঞানী বাবাকে খুঁজতে ভাই চার্লস ওয়ালেস আর সহপাঠী ক্যালভিন ও’কিফকে নিয়ে বেরিয়ে পড়ে সে। দূরের এক গ্রহে এক দানবের হাতে বন্দী বাবা। তাকে কীভাবে উদ্ধার করবে মেগ মারি? পথে অনেক কঠিন সব পরীক্ষার সামনে পড়তে হয় তাকে। তাকে সাহায্য করে তিন অ্যাস্ট্রাল ট্র্যাভেলার্স। পথ দেখায় তারা মারিকে। শেষ পর্যন্ত কি পারবে মারি? পারবে বাবাকে উদ্ধার করতে? অ্যা রিঙ্কেল ইন টাইম চলচ্চিত্রটি নিয়ে মানুষের আগ্রহ জমেছিল অনেক আগে থেকেই। বিশেষ করে চলচ্চিত্রটিতে অপরাহ্ উইনফ্রে অভিনয় করবেন জানতে পারার পর সেই আগ্রহ যেন আরও অনেকগুণ বেড়ে গিয়েছিল। তবে চলচ্চিত্রের কাহিনি আর নির্মাণশৈলী দেখেও হতাশ হতে হবে না দর্শকদের।

অ্যাভা ডুভার্নির পরিচালনায় চলচ্চিত্রটির প্রযোজনা ও পরিবেশনায় যুক্ত আছে ওয়াল্ট ডিজনি মোশন পিকচার্স। সঙ্গে আছে হুইটেকার এন্টারটেইনমেন্ট। ছবির গল্প নেওয়া হয়েছে ম্যাডালিন লে’ঙ্গেলের লেখা অ্যা রিঙ্কেল ইন টাইম বইটি থেকে। অপরাহ্ উইনফ্রে ছাড়াও এতে অভিনয় করেছেন স্টর্ম রেইড, রিজ উইদারস্পুন, মাইন্ডি ক্যালিং, লেভি মিলার, ক্রিস পাইনসহ আরও অনেকে। ১০০ মিলিয়ন বাজেটের এই চলচ্চিত্রটি প্রথম প্রকাশ করা হয় ২৭ ফেব্রুয়ারি, ২০১৮ তে। তবে তখন পুরো পৃথিবী এটাকে দেখতে পায়নি। ৯ই মার্চ সবার জন্য মুক্তি দেওয়া হয়েছে চলচ্চিত্রটি। এখন অবধি মোট ৩৯.৩ মিলিয়ন ডলার আয় করে নিয়েছে চলচ্চিত্রটি।

ম্যাডালিনের অ্যা রিঙ্কেল অব টাইম নিয়ে কাজ অবশ্য এই প্রথম নয়। ১৯৬২ সালে লেখা এই বইটি নিয়ে ২০০৩ সালে একটি টিভি ফিল্ম তৈরি করা হয়। ২০১০ সালের অক্টোবরে ওয়াল্ট ডিজনি বইটি নিয়ে কাজ করার কথা জানায়। প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ১০০ মিলিয়নের বেশি বাজেটের কোনো অ্যাকশন মুভি পরিচালনা করেছেন ডুভার্নি। ২০১৬ সালে একে একে চলচ্চিত্রটিতে কে কে অভিনয় করবেন সেটা নির্ধারণ করা হয়। এরপর আর খুব বেশি সময় নেওয়া হয়নি। এগিয়ে গিয়েছে ছবির কাজ। ইউরেকা, ক্যালিফোর্নিয়া, হামবোল্ডট ইত্যাদি বেশ কিছু স্থানে ছবিটির চিত্রায়ণ করা হয়েছে। শুধু অসাধারণ কিছু অভিনেতার অভিনয় নয়, ছবিটিতে শোনা যাবে সিয়া, ডেমি লোভাটো, ডিজে খালিদ, কেহলানিসহ আরও অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পীর গান।

সমালোচকদের চোখে অবশ্য খুব একটা এগোতে পারেনি অ্যা রিংকেল ইন টাইম। রোটেন টম্যাটোজে ছবিটির রেটিং এসেছে মাত্র ৫.২। মেটাক্রিটিক ও অন্যান্য সমালোচকদের চোখেও পাঁচের ঘর ছাড়িয়ে যায়নি ছবিটি। তবে অ্যা রিংকেল ইন টাইম কে যথার্থ বিনোদন বলেছেন অনেকেই। আরেকটু চেষ্টা করলেই হয়তো পুরো ব্যাপারটিকে অন্য এক মাত্রায় নিয়ে যাওয়া যেত বলে ভাবছেন সবাই।

সাদিয়া ইসলাম

মেটাক্রিটিকস, রোটেন টোম্যাটোজ অবলম্বনে।