মুম্বাই থেকেই পাওলির কলকাতার পূজাপ্রস্তুতি

কলকাতার আলোচিত নায়িকা পাওলি দাম কাজের সুবাদে এখন মুম্বাইতেই আছেন। কিন্তু তাঁর মন পড়ে আছে কলকাতায়। ফিরবেন চলতি মাসের শেষের দিকে। পাওলি দিন গুনছেন কলকাতায় ফিরে শারদীয় দুর্গোত্সবে অংশ নেওয়ার জন্য। আর তাই ছবির শুটিং থেকে সাময়িক বিরতি নিয়ে পূজাপ্রস্তুতির নানা পরিকল্পনাও করছেন।
প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে পাওলি বলেন, ‘মুম্বাইয়ে এখন কয়েকজন নির্মাতার সঙ্গে ছবিতে অভিনয়ের ব্যাপারে আলাপ চলছে। তবে কোনোটিতে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে বাংলাদেশের কয়েকজন নির্মাতার সঙ্গে বাংলাদেশি ছবিতে অভিনয় করার ব্যাপারেও প্রাথমিক আলাপ হয়েছে। বাংলাদেশের ছবিগুলোতেও অভিনয়ের জন্য পুরোপুরি সম্মতি এখনো জানাইনি আমি। কিছু কিছু ছবির গল্প ভালো লাগে তো বাজেট নিয়ে সমস্যা থাকে। আবার বাজেট ঠিক থাকলে ছবির গল্প খুব একটা মনে ধরে না। আমি আসলে বাংলাদেশের ছবিতে খুব ভেবেচিন্তে কাজ শুরু করতে চাই। যেনতেন কাজ দিয়ে শুরু করতে চাই না। মনে রাখার মতো একটি কাজ করতে চাই।’
এদিকে পূজার প্রস্তুতি প্রসঙ্গে পাওলি বলেন, ‘আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন মা দুর্গা পৃথিবীতে নেমে আসবেন। দুর্গাপূজা আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ এ উত্সবের মধ্য দিয়ে আমি শিকড়ের সঙ্গে যুক্ত থাকতে পারি। পেশাগত কাজে যদিও আমি মুম্বাইয়ে থাকি, তার পরও আমি দুর্গাপূজার মতো উত্সব কোনোভাবেই মিস করতে চাই না। আর তাই প্রতিবছর পূজার সময় আমি কেনাকাটা করি। নতুন নতুন পোশাকের গন্ধ আমার ভেতর অন্য রকম উন্মাদনা তৈরি করে।’
পাওলি আরও বলেন, ‘মা আমার পূজার কেনাকাটা তদারক করেন। আমি পূজার সময় নিজেকে মায়ের কাছে শিশু মনে করি। আমি এখনো অধীর আগ্রহে অপেক্ষা করি, মা আমার জন্য কেমন শাড়ি আর কুর্তা কিনছেন। আমি যেহেতু মুম্বাইয়ে আছি, তাই মা শাড়ি আর কুর্তার ব্যাপারটি চূড়ান্ত করার জন্য অসংখ্যবার ফোন করেছেন।’