মুম্বাইয়ে গণধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ বলিউড

শাবানা আজমি
এমন ভয়ংকর ঘটনা মুম্বাইবাসীর জন্য জেগে ওঠার সতর্কবার্তা। মুম্বাইকে ভারতের সবচেয়ে নিরাপদ শহর বলে যাঁরা প্রলাপ বকতেন, তাঁদের এখনই রুখে দাঁড়ানো উচিত। ধর্ষণের অন্যতম কারণ হলো নারীবিদ্বেষী মনোভাব। এর শিকড় অনেক গভীরে, যা সমূলে উত্পাটন করতে হবে। নারীস্বাধীনতা খর্ব করার পাশাপাশি নারীদের ওপর কর্তৃত্ব বজায় রাখতে এবং শক্তি প্রদর্শনের মতো হীন উদ্দেশ্য হাসিল করতে ধর্ষণ ও শারীরিক লাঞ্ছনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ভারতে ধর্ষণবিরোধী নতুন আইনে সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হলেও তা সাধারণ মানুষের ভেতর এতটুকু ভয় সৃষ্টি করতে পারেনি। কারণ, আইনশৃঙ্খলা-ব্যবস্থার ওপর মানুষের আস্থার অভাব রয়েছে।
করণ জোহর
আমার শহরে গণধর্ষণ! অনেক বেশি লজ্জিত আমি। এই ঘটনাকে ‘ভীতিকর’, ‘জঘন্য’ বা অন্য কোনো শব্দ দিয়েই বর্ণনা করা সম্ভব নয়। নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে।
অমিতাভ বচ্চন
গণধর্ষণের মতো জঘন্য একটি অপরাধ মুম্বাইয়ে সংঘটিত হওয়ায় আমরা খুবই বিচলিত। এই ঘটনা আমাদের সবাইকে প্রচণ্ড ধাক্কা দিয়েছে। এটা খুবই দুঃখজনক ও হূদয়বিদারক। এই ঘটনা মুম্বাই শহরের জন্য বিশাল একটি পরাজয়। শুধু তা-ই নয়, এটি মুম্বাই শহরের নামের পাশে কলঙ্কচিহ্ন এঁকে দিয়েছে। যে করেই হোক, এই কলঙ্ক থেকে মুক্ত হতে হবে আমাদের।
জুহি চাওলা
বরাবরই মুম্বাই শহর নিয়ে আমি গর্ব করতাম। সব সময় একে প্রাণোচ্ছল ও নিরাপদ শহর বলেই মনে হতো। যে শহরে দিন-রাত চব্বিশ ঘণ্টা কর্মচাঞ্চল্য, সেই শহরে গণধর্ষণের খবর শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি আশা করব, ভুক্তভোগী মেয়েটি পুরোপুরি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। এই ঘটনা তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের কতটা যন্ত্রণাদায়ক পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে, তা কল্পনাও করতে পারছি না।
পূজা ভাট
মুম্বাই এখন আর সেই শহর নেই, যেখানে আমি বেড়ে উঠেছি। আমার শহরে গণধর্ষণের খবর শুনে অপমানিত বোধ করছি। আমি খুবই লজ্জিত।
টিসকা চোপড়া
মুম্বাই শহরে কীভাবে এমন একটি ঘটনা ঘটতে পারে! বহু কর্মজীবী নারী আছেন এই শহরে। দিনে ও রাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরা।
পূজা বেদি
এখনই ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার না হলে মুম্বাই কখনোই নারীদের জন্য নিরাপদ শহরে পরিণত হবে না। বিশেষ আদালত গঠন করে দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের বিচার-প্রক্রিয়া সম্পন্ন করে সাজা দিতে হবে। এটা এখন সময়ের দাবি।
রীমা কাগতি
কর্মজীবী নারীদের জন্য মুম্বাই কিংবা ভারতের কোনো জায়গাকেই নিরাপদ বলে মনে হয় না আমার কাছে।
দিয়া মির্জা
ভারত কি নারীদের জন্য নিরাপদ? এখানে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার-প্রক্রিয়া খুবই ধীরগতিতে এগোয়। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
রাইমা সেন
আমি মনে করতাম, মুম্বাইয়ে নিরাপদে কাজ করার সুযোগ আছে নারীদের। কিন্তু এই ঘটনার পর আমি ঠিক নিশ্চিত নই, শহরটি আদৌ নারীদের জন্য নিরাপদ কি না!
ফারহান আখতার
এ ধরনের অপরাধের বিচার-প্রক্রিয়া শেষ করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে। যে করেই হোক, নির্ধারিত সময়ে মধ্যে অপরাধীকে সর্বোচ্চ সাজার রায় দিতে হবে আদালতকে। বিচারব্যবস্থা ঢেলে সাজাতে হবে।
মাধুর ভান্ডারকার
আমাদের শহরে এমন ভয়ংকর গণধর্ষণের কথা শুনে আমি অনেক দুঃখিত। বিষয়টি আমাকে খুবই অবাক করেছে। এর চেয়ে লজ্জার আর কিছুই হতে পারে না। যে মুম্বাই শহরকে আমরা চিনতাম, সেই মুম্বাই এটা নয়।
উর্মিলা মাতন্ডকার
এটা খুবই মর্মান্তিক ও হূদয়বিদারক ঘটনা। এমন লোমহর্ষক ঘটনায় বিচলিত হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে। কেবল দিল্লি কিংবা মুম্বাই নয়, পুরো দেশেই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বরুণ ধাওয়ান
মুম্বাইয়ে গণধর্ষণে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। বারবার যেসব ভীরু-কাপুরুষ এমন ন্যক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছে, তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি।
নেহা ধুপিয়া
এ ধরনের প্রতিটি ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে। যেখানেই এমন ঘটনা ঘটুক না কেন, তা আমাকে ব্যথিত করে, ক্ষুব্ধ করে।