মুম্বাইয়ে বাড়ি খুঁজছেন সানি লিওন
‘জিসম ২’ চলচ্চিত্রে অভিনয়ের কল্যাণে আলোচিত ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল-অভিনেত্রী সানি লিওন সম্প্রতি মুম্বাইয়ে থিতু হওয়ার জন্য বাড়ি খুঁজছেন! জানা গেছে, দুই-তিন বছর ভারতেই থাকতে চান যুক্তরাষ্ট্র থেকে মুম্বাইয়ে আসা ৩১ বছর বয়সী এ তারকা।বলিউডে অভিষেকের পর এরই মধ্যে দ্বিতীয় চলচ্চিত্রের কাজও হাতে নিয়েছেন সানি। চুক্তিবদ্ধ হয়েছেন একতা কাপুরের ‘রাগিনী এমএমএস’ চলচ্চিত্রের সিক্যুয়েলে। মুম্বাইয়ে বাড়ি খোঁজার কাজে ইদানীং ব্যস্ত সময় পার করছেন সাবেক এ পর্নো তারকা।এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় সানি লিখেছেন, ‘সবাইকে অভিবাদন। মুম্বাই চলে এলাম। অনেক বেশি ভালো লাগছে। প্রতিদিন সকালে বাড়ি খুঁজতে বেরিয়ে পড়ছি। পাশাপাশি চলছে কেনাকাটাও।’বলিউডে থিতু হওয়ার আগ্রহের কথাও জানিয়েছেন সানি। এ প্রসঙ্গে ইন্দো-এশিয়ান নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এখন আমার সম্পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত বলিউডে। এখানে সফল একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। সব রকম চরিত্রেই অভিনয়ে রাজি আছি আমি।’সানি আরও বলেন, ‘বলিউডে সাফল্য পেতে আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করতে চাই আমি। কাজের যাতে বিন্দুমাত্র ক্ষতি না হয়, সে জন্য দুই-তিন বছর ভারতেই থাকার সিদ্ধান্ত নিয়েছি।’কানাডায় জন্ম নেওয়া সানির মা-বাবা দুজনই পাঞ্জাবি। ২০০১ সালে পর্নো তারকা হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান সানি। ২০১০ সালে বিশ্বের সেরা ১২ জন পর্নো তারকার নামের তালিকায় সানির নাম অন্তর্ভুক্ত করে ফ্যাশন ম্যাগাজিন ম্যাক্সিম।২০১১ সালের অক্টোবরে শুরু হয় ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস ৫’। অনুষ্ঠানটিতে সানিকে দেখার পর তাঁকে ‘জিসম ২’ চলচ্চিত্রে কাজের প্রস্তাব দেন কাহিনিকার ও চিত্রনাট্যকার মহেশ ভাট। প্রস্তাবে রাজি হন সানি। পূজা ভাট পরিচালিত ‘জিসম ২’ চলচ্চিত্রটি মুক্তি পায় চলতি বছরের ৩ আগস্ট।