মুম্বাইয়ে শেষের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় মঞ্চায়িত হলেও এবার ভারতের রাজধানী মুম্বাইয়ে মঞ্চায়ন হলো বাংলাদেশের নাটক। প্রাঙ্গণেমোর নাট্যদলের শেষের কবিতা নাটকটির দুটি মঞ্চায়ন হয় ওখানে। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাটকের দল স্বার্থক রূপায়নের আমন্ত্রণে ১৯ ও ২০ মে নাটকটির দুটি প্রদর্শনী করে। ১৯ মে মুম্বাইয়ের রবীন্দ্র নাট্যমন্দিরে রাত আটটায় একটি এবং ২০ মে সকাল ১১টায় আরেকটি প্রদর্শনী হয় বিষ্ণু গৃহে। প্রথমবারের মতো মুম্বাইয়ে নাটক নিয়ে সফর প্রসঙ্গে নির্দেশক নূনা আফরোজ বলেন, ‘আমার জানামতে, আমাদের থিয়েটারের প্রথম কোনো নাটকের দল মুম্বাই সফর করল। তাই প্রাঙ্গণেমোর নাট্যদলের কর্মীদের মধ্যে আনন্দ একটু বেশি। নতুন জায়গা, নতুন দর্শক, নতুন মিলনায়তন—সব মিলে আমাদের কর্মীদের মধ্যে অন্য রকম এক অনুভূতি কাজ করেছে। প্রচুর দর্শক আমাদের নাটক দেখেছেন। এটি আমাদের জন্য ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা।’ তিনি আরও বলেন, ‘ওখানে নাটকটির একটি প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু নাটকের টিকিট আগেই বিক্রি হয়ে যাওয়ায় তাঁরা দুটি প্রদর্শনী করার জন্য অনুরোধ করেছিলেন। এটা আমাদের জন্য একটা বড় অর্জন।’রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হীরা আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। এ নাটকে অভিনয় করেছেন অনন্ত হীরা, নূনা আফরোজ, আওয়াল রেজা, রমিজ রাজু, শওকত, মিতালী, আশা, তাওহিদ প্রমুখ।নাটক মঞ্চায়ন শেষে দলটি ২১ মে মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে এসেছেন। উল্লেখ্য, এর আগে ২০১১ সালে ২৬ আগস্ট নাটকের দল পূর্ব পশ্চিম আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসবে কলকাতায় শেষের কবিতা নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।