মুম্বাইয়ে হাঁপিয়ে উঠেছেন মাধুরী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষিত

বিয়ের পর প্রায় এক দশক যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে বসবাসের পর ২০১১ সালে স্বামী-সন্তান নিয়ে নিজ দেশে ফেরেন মাধুরী দীক্ষিত। তিন বছর ধরে মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সম্প্রতি মাধুরী আক্ষেপ প্রকাশ করে বলেন, মুম্বাইয়ে খোলা জায়গার বড্ড অভাব। ডেনভার শহরের খোলামেলা পরিবেশ অনেক মিস করেন বলেও জানিয়েছেন বলিউডের এ তারকা অভিনেত্রী।

এ প্রসঙ্গে মাধুরীর ভাষ্য, ‘মুম্বাই আমার প্রিয় শহর ছিল এবং এখনো আছে। কিন্তু শহরটি একটু বিশৃঙ্খল। এখানে খোলা জায়গার বড্ড অভাব। মুম্বাইয়ে আরেকটু বেশি খোলা জায়গা থাকলে খুব ভালো হতো।’ এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

মাধুরী আরও বলেন, ‘ডেনভার শহরের খোলামেলা পরিবেশ খুব মিস করি। সেখানকার পার্কগুলো চমত্কার। বাচ্চাদের পার্কে নিয়ে গেলে খেলায় মেতে উঠত তারা। কিন্তু মুম্বাইয়ে সে রকম কোনো সুযোগ নেই। এখানে নির্মল বিনোদন পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। ক্লাবে গিয়ে হই-হুল্লোড় করা ছাড়া খুব বেশি কিছু করার নেই মুম্বাই শহরে।’

যুক্তরাষ্ট্রে থাকার সময় হলিউডের ছবিতে কাজ করার কথা ভেবেছিলেন কি না, জানতে চাইলে মাধুরী জবাব দেন, ‘একজন অভিনয়শিল্পী ক্যারিয়ার এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যুক্তরাষ্ট্রে থাকার সময় বড় কলেবরের ছবিতে অভিনয়ের চেয়ে নিজের পরিবার নিয়ে আমার স্বপ্নটা ছিল ঢের বড়। আমার বাচ্চারা তখন গুটি গুটি পায়ে বেড়ে উঠছিল। স্বপ্নময় একটা ঘোরের মধ্য দিয়ে যেন আমার একেকটা দিন পার হচ্ছিল। আজও সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে।’