মুম্বাইয়ে ‘দাবাং ২’ ছবির সেটে আগুন, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দ্রার মেহবুব স্টুডিওতে ‘দাবাং ২’ ছবির সেটে গত শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শুটিংয়ে অংশ নেওয়া তিনজন আহত হয়েছেন।দুর্ঘটনার সময় সালমান খান সেখানে উপস্থিত না থাকলেও, খবর শোনার পাঁচ মিনিটের মধ্যেই হাজির হন তিনি। আহত লোকজনকে দ্রুত হাসপাতালে নেওয়ারও ব্যবস্থা করেন বলিউডের এ অভিনেতা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ‘দাবাং ২’ ছবির প্রযোজক ও পরিচালক আরবাজ খান। এ প্রসঙ্গে তাঁর উদ্ধৃতি দিয়ে মিড-ডে জানিয়েছে, ‘ছবিটির একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের একটি দৃশ্য ধারণ করা হচ্ছিল। হঠাত্ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং তা ছড়িয়ে পড়ে ছবির সেটে। এতে আমাদের ছবির দলের তিন সদস্য আহত হয়েছেন।’পরে একটি আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করা হয় ‘দাবাং ২’ ছবির দলের পক্ষ থেকে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘বান্দ্রার মেহবুব স্টুডিওতে “দাবাং ২” ছবির শুটিং চলাকালে ২৩ জুন শনিবার আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ছবির তিনজন কলাকুশলী আহত হয়েছেন। দ্রুত তাঁদের অ্যাম্বুলেন্সে করে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিত্সার ব্যবস্থা করা হয়। আহত তিনজনই এখন আশঙ্কামুক্ত।’এ প্রসঙ্গে লীলাবতী হাসপাতালের একজন চিকিত্সক জানিয়েছেন, ‘আহতদের মধ্যে দুজনের হাড় ভেঙেছে। আরেকজনের শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে।’দুর্ঘটনার খবর শুনে দ্রুত ছবির সেটে হাজির হন সালমান খান। আহত লোকজনের চিকিত্সার পুরো দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন। আহতদের প্রথমে বান্দ্রার লীলাবতী হাসপাতালে নিয়ে যান সালমান। কিন্তু সেখানে বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজেশ খান্না ভর্তি থাকায় প্রচুর ভিড় দেখে সেখানে আহতদের ভর্তি না করিয়ে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান তিনি। অবশ্য পরে আবারও লীলাবতী হাসপাতালেই নিয়ে আসা হয় তাঁদের। আহতদের চিকিত্সার সব ব্যয় বহনের পাশাপাশি তাঁদের ক্ষতিপূরণ দেবেন বলেও আশ্বস্ত করেছেন সালমান।