মুম্বাইয়ের টাডা আদালতে আজ সঞ্জয়ের আত্মসমর্পণ
আজ মুম্বাইয়ের টাডা আদালতে আত্মসমর্পণ করবেন সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় বেআইনি অস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। মুম্বাইয়ের দুই চিত্র প্রযোজক গত মঙ্গলবার সঞ্জয়ের দুটি ছবি যথাক্রমে পুলিশগিরি ও ওয়াসুলির কাজ শেষ করতে আত্মসমর্পণের সময়সীমা আরও কিছুদিন বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান। আদালত সেই আবেদন খারিজ করে দেন। জঙ্গিদের হুমকির মুখে পড়ে সঞ্জয় পুনের ইয়েরওয়াড়া কারাগারে আত্মসমর্পণ করার জন্য গত মঙ্গলবার আদালতে আবেদন জানান। কিন্তু গতকাল বুধবার সঞ্জয়ের আইনজীবী সেই আবেদন তুলে নেন। তিনি জানান, সঞ্জয় দত্ত সুপ্রিম কোর্টের সময়সীমা মেনে বৃহস্পতিবার টাডা আদালতে আত্মসমর্পণ করবেন।বাসায় বেআইনিভাবে একে-৫৬ রাইফেল এবং একটি নাইন এমএম পিস্তল রাখার অভিযোগে টাডা আদালতে ছয় বছরের কারাদণ্ড হয় সঞ্জয়ের। এরপর সুপ্রিম কোর্ট শাস্তির মেয়াদ কমিয়ে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরই মধ্যে দেড় বছর কারাভোগ করেছেন সঞ্জয়।