মুরাদ পারভেজের বিরুদ্ধে শীর্ষেন্দুর অভিযোগ
প্রথম ছবি ‘চন্দ্রগ্রহণ’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন নির্মাতা মুরাদ পারভেজ। জাতীয় পুরস্কার পাওয়া এ নির্মাতার প্রতি সম্প্রতি অভিযোগের তর্জনী তুলেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মুরাদের বিরুদ্ধে শীর্ষেন্দুর অভিযোগ, তিনি নাটকের চিত্রনাট্যের টাকা পরিশোধ করেননি।দুই বাংলায় সমান জনপ্রিয় শীর্ষেন্দুর ‘মানবজমিন’ উপন্যাস নিয়ে দীর্ঘ একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন মুরাদ পারভেজ। এনটিভিতে নাটকটির প্রচার শুরু হয় ২০১০ সালের ৭ জুন, যা শেষ হয়েছিল ২০১১ সালের ৭ জুন। প্রথম আলো ডটকমকে শীর্ষেন্দু জানিয়েছেন, উপন্যাসের অনুমতি নেওয়ার সময় তাঁকে দেড় লাখ ভারতীয় রুপি দেওয়ার কথা ছিল মুরাদ পারভেজের। শুরুর দিকে মুরাদ তাঁকে ৭০০ মার্কিন ডলার দিয়ে বাকিটা পরে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ নাটক প্রচার শেষ হওয়ার এক বছর পার হয়ে গেলেও এখনো মুরাদ অবশিষ্ট পাওনা টাকা পরিশোধ করেননি। এদিকে এ প্রসঙ্গে এনটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথম আলো ডটকমকে জানান, নির্মাতাপ্রতিষ্ঠানকে নাটকের পুরো টাকা পরিশোধ করা হয়েছে।প্রথম আলো ডটকমকে শীর্ষেন্দু বলেন, প্রথমদিকে মুরাদ যখন ‘মানবজমিন’ উপন্যাসের ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করেছিল, তখন সে আমাকে ৫০ হাজার ভারতীয় রুপি দিতে চেয়েছিল। আমি রাজি না হলে সে ৬০ হাজার রুপির কথা বলেছিল। কিন্তু আমি তাকে সরাসরি এক লাখ পঞ্চাশ হাজার রুপি অথবা ৩০০০ মার্কিন ডলারের কথা বলে দিয়েছিলাম। সে আমাকে সেভাবে আশ্বস্তও করেছিল। তবে এটা ঠিক যে এ ব্যাপারে আমাদের মধ্যে লিখিত কোনো চুক্তি হয়নি। তাই হয়তো মুরাদ এ ধরনের সুযোগ নিচ্ছে।’শীর্ষেন্দু আরও বলেন, ‘এখন মনে হচ্ছে মুরাদ আমাকে ঠকিয়েছে। এত দিন হয়ে গেল এখনো আমার অবশিষ্ট পাওনা টাকা পেলাম না। মুরাদ আমাকে আজ দেব, কাল দেব বলে ঘুরাচ্ছে। তিনি বলেন, সর্বশেষ গত মাসে আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম ওর সঙ্গে কয়েকবার ফোনে আলাপ করেছিলাম। কিন্তু তখনো সে আমার সঙ্গে দেখা করবে বলে শেষ পর্যন্ত আর দেখা করেনি।’মুরাদ পারভেজের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর এ ঘটনাটি শীর্ষেন্দু বাংলাদেশের ভারতীয় দূতাবাসকে জানিয়েছিলেন। তাঁরা নাকি মুরাদের সঙ্গে যোগাযোগও করেছিলেন। অবশ্য এতে কোনো ফল হয়নি বলেও জানান শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এ প্রসঙ্গে মুরাদের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘তাঁর সঙ্গে প্রথমে আমার ৫০ হাজার রুপিতে কথা হয়েছিল। পরে না মানলে ৬০ হাজার রুপি দিই। এখন তিনি যদি বলেন, দেড় লাখ রুপি অথবা তিন হাজার ডলারের কথা হয়েছে, তাহলে আমি বলব তিনি মিথ্যাচার করছেন। এটা আসলে সম্পূর্ণ বানোয়াট কথা। তাঁর সঙ্গে আমার যে কথা হয়েছে, সেটার কিন্তু লিখিত কাগজ আছে।’এদিকে গত মাসে ঢাকায় আসার পর দেখা না করার বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে মুরাদ বলেন, এটা ঠিক, তাঁর সঙ্গে আমার দেখা করা সম্ভব হয়নি। মুরাদ এ-ও বলেন, উনি আসলে প্রথম থেকেই খুব ঝামেলার লোক। উনি কিন্তু চার রকমের কথা বলেন। তা ছাড়া কাজের ব্যাপারে মোটেও সত্ নন।মুরাদ আরও বলেন, সামনের মাসে আমি ভারতে যাচ্ছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘দুরবীন’ উপন্যাস নিয়ে কাজ করার ব্যাপারে তাঁর সঙ্গে আমার আলাপও হয়েছে। তাঁর সঙ্গে যদি আমার দেনা-পাওনার ঝামেলাই থাকত, বিষয়টি পরিষ্কার না থাকত, তাহলে দুরবীন নিয়ে কাজ করার কোনো প্রশ্নই আসত না।এদিকে ‘দুরবীন প্রসঙ্গে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করলে তিনি এ বিষয়টিকে ‘সম্পূর্ণ বাজে কথা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘মুরাদ আমার সঙ্গে ‘মানবজমিন’ নিয়ে যা করেছে, এর পর ওর সঙ্গে আর কাজ করার তো প্রশ্নই আসে না। এটা ঠিক যে মুরাদ আমার সঙ্গে ‘দুরবীন’ বিষয়ে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু আমি তাঁকে সরাসরি না করে দিয়েছি। সে ভারতে এলেও কোনো লাভ নেই।শীর্ষেন্দুর সঙ্গে মুরাদ পারভেজের বিষয়টি মিডিয়ার অনেকেই অবগত। বিষয়টিকে তাঁরা অন্যায় বলে মনে করছেন। তাঁরা এ-ও বলেছেন, মুরাদের উচিত হবে খুব দ্রুত বিষয়টির সমাধান করা।