মুরাদ-বিপাশার আবৃত্তির অ্যালবাম
একজন আবৃত্তি করছেন পেশাদারভাবে। অন্যজন শখের বশে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আবৃত্তির অ্যালবাম বের করার প্রস্তাব ছিল দুজনের কাছে। সেটা কখনো করা হয়নি। এঁরা হলেন—আরমান পারভেজ মুরাদ ও বিপাশা হায়াত। এখন তাঁরা একসঙ্গে আবৃত্তির অ্যালবাম করতে যাচ্ছেন। তাঁদের এই প্রথম অ্যালবামটির নাম ‘কঠিনেরে ভালোবাসিলাম’, যার স্থায়িত্ব হবে ৭০ মিনিট। অ্যালবামে মোট ১০-১২টি কবিতা থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর, অমিতাভ দাশগুপ্ত, জীবনানন্দ দাশ, নির্মলেন্দু গুণ, হুমায়ুন আজাদ, আল মাহমুদ, মনিরুজ্জামান, শহীদ কাদরী, দীনেশ দাশ, শামসুর রহমান, আসাদ চৌধুরী প্রমুখের কবিতা তাঁরা আবৃত্তি করবেন। দ্বৈত আবৃত্তির পাশাপাশি থাকবে দুজনের কণ্ঠে একক আবৃত্তিও । এরই মধ্যে অ্যালবামটির চিত্রনাট্যের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন সংগীতায়নের কাজ চলছে। মুরাদ বলেন, ‘এর আগে আবৃত্তির অ্যালবাম করার প্রস্তাব এলেও করা হয়নি। নির্বাচিত কবিতার শব্দগুলো আমাদেরকে সব সময় অনুপ্রাণিত করে। জীবনের সব ক্ষেত্রে কবিতার ভীষণ ভূমিকা রয়েছে। তাই কবিতার অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘যেসব কবিতার শব্দগুলো আমাদের দেশকে স্বাধীন করেছে, আমার মায়ের ভাষাকে করেছে সমৃদ্ধ, সেসব কবিতাই অ্যালবামে স্থান পাবে। সোনার বাংলাদেশের প্রতিফলন হবে কঠিনেরে ভালোবাসিলাম অ্যালবামে।’ বিপাশা হায়াত বলেন, ‘আমি পেশাদার আবৃত্তিকার নই। মুরাদ ভাই যেহেতু পেশাদার আবৃত্তিকার এবং ভালো একজন অভিনেতা , তাই তাঁর আগ্রহের কারণেই মূলত কাজটার সঙ্গে সম্পৃক্ত হওয়া।’ জানা গেছে, পয়লা বৈশাখ কঠিনেরে ভালোবাসিলাম অ্যালবামটি বাজারে আসবে।