মুর্তজা বশীরকে নিয়ে প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুর্তজা বশীর
মুর্তজা বশীর

দেখানো হবে চিত্রশিল্পী মুর্তজা বশীরের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘মুর্তজা বশীর: শিল্প অন্বেষার ৫৫ বছর’। আসছে শনিবার এই শিল্পীকে দেওয়া হবে ২০১৫ সালের ‘হামিদুর রাহমান পুরস্কার’। সেই অনুষ্ঠানেই দেখানো হবে প্রামাণ্যচিত্রটি।
মুর্তজা বশীর বাংলাদেশের আধুনিক শিল্প-আন্দোলনের অন্যতম পথিকৃৎ। গত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে এখন পর্যন্ত তাঁর নানামাত্রিক বৈচিত্র্যময় শিল্পকর্ম তাঁকে স্বাতন্ত্র্য এক উজ্জ্বলতা দিয়েছে। তাঁর শক্তিশালী অঙ্কন, রঙের ব্যবহার এবং সমাজচেতনায় উদ্দীপিত দৃষ্টিভঙ্গির কারণে তাঁর সৃষ্টিকর্মগুলো হয়ে উঠেছে আরও প্রাণময়। তাঁর দীর্ঘদিনের চিত্রসাধনা ও চর্চার মধ্য দিয়ে তিনি দেশের চিত্রকলাকে করেছেন সমৃদ্ধ। শুধু তাই নয়, তাঁর কবিতা চর্চা ও কথাসাহিত্যের ভুবনে বিচরণ, মুদ্রা সংগ্রহ ও পোড়ামাটির কাজ নিয়ে গবেষণাও আমাদের ঐতিহ্যিক সাংস্কৃতিক প্রবাহে নতুন মাত্রা দিয়েছে। এসব নিয়েই এই শিল্পীর ওপর নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘মুর্তজা বশীর: শিল্প অন্বেষার ৫৫ বছর।’

শনিবার বিকেল ৫টায় ছায়ানট মিলনায়তনে পুরস্কার প্রদানের অনুষ্ঠানে অতিথি থাকছেন বরেণ্য শিল্পী রফিকুন নবী, শিল্পী মাহমুদুল হক ও পারভীন আহমদ। অনুষ্ঠানে ‘মুর্তজা বশীর: শিল্প অন্বেষার ৫৫ বছর’ প্রামাণ্যচিত্রটি দেখানো হবে। এটি নির্মিত হয় ২০০৫ সালে। প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে বেঙ্গল ফাউন্ডেশন ও পরিচালনা করেছেন সৈয়দ তানভীর আহমেদ ও পল জেমস গোমেজ।
পঞ্চাশের ও ষাটের দশকের কীর্তিমান শিল্পী, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপত্য-নকশার প্রধান রূপকার ও আধুনিক শিল্প-আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হামিদুর রহমানের স্মৃতি রক্ষার্থে ২০০৭ সাল থেকে তাঁর পরিবারের পক্ষ থেকে ‘হামিদুর রাহমান পুরস্কার’ প্রবর্তন করা হয়। এ পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। এর আগে ২০০৭ সালে এ পুরস্কার পেয়েছেন শিল্পী মনিরুল ইসলাম, ২০১১ সালে শিল্পী সৈয়দ জাহাঙ্গীর এবং ২০১৩ সালে শিল্পী রফিকুন নবী।