
উপলক্ষ ছিল শিল্পী মুর্তজা বশীরের ৮৫তম জন্মদিন। রাজধানীর একটি হোটেলে গ্যালারি কায়ার আয়োজনে গতকাল শুক্রবার এই শিল্পীর ছবি নিয়ে বিশেষ প্রদর্শনী হলো। মূলত সংগ্রাহকেরাই উপস্থিত ছিলেন এই আয়োজনে।
১৯৪৯ সালে আঁকা ব্রোকেন ব্রিজ ছবিটি দেখে রোমাঞ্চিত হলেন অনেকে। এ বয়সেও যে বিরামহীনভাবে তিনি এঁকে চলেছেন, সেটা বোঝা গেল প্রদর্শনীতে থাকা ২৪টি স্কেচ দেখে, এগুলো তিনি এঁকেছেন এ বছর।
বয়স তাঁকে কাবু করতে পারেনি। সবার সঙ্গে কুশল বিনিময়ের সময় এই বর্ষীয়ান শিল্পীকে মনে হচ্ছিল যুবক। কেমন লাগছে—জিজ্ঞেস করায় তিনি বললেন, ‘৮৫ বছর বয়স হওয়ার পর একটু ভয়ে ছিলাম, কারণ আমার বাবা (ড. মুহম্মদ শহীদুল্লাহ্) মারা গিয়েছিলেন ৮৫ বছর বয়স হওয়ার তিন দিন পর। আমি তো বেঁচে গেলাম। আরও সাত-আট বছর বেঁচে থাকব মনে হয়।’ বলিষ্ঠ কণ্ঠেই বললেন, ‘আমি শিল্পের জন্য শিল্পে বিশ্বাস করি না। মানুষের প্রতি দায়বদ্ধতা আছে শিল্পের।’
গ্যালারি কায়ার কর্ণধার গৌতম চক্রবর্তী বলেন, ‘৮৫তম জন্মদিনের পর শিল্পীকে বাড়ির বাইরে এনে এই আয়োজন করতে পেরেছি বলে নিজেকে ভাগ্যবান মনে করছি। তিনি দীর্ঘজীবী হোন। কর্মক্ষম থাকুন।’ গত ১৭ আগস্ট ছিল শিল্পীর জন্মদিন। এ উপলক্ষেই ছিল এই আয়োজন।