মুস্তাফা মনোয়ারের জন্মদিন উদ্যাপন করবে 'ডিরেক্টরস গিল্ড'
১৯৩৫ সালের পয়লা সেপ্টেম্বর বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জন্ম। মুস্তাফা মনোয়ারের ৮১তম জন্মবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর । এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’। মুস্তাফা মনোয়ার এই সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
ডিরেক্টরস গিল্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদি হক জানান, আগামী ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মুস্তাফা মনোয়ারের ৮১তম জন্মদিন উদ্যাপন করা হবে।
ডিরেক্টরস গিল্ডের এই আনন্দ-যজ্ঞে সবাইকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে সংগঠনটির সভাপতি গাজী রাকায়েত জানান, গান, আবৃত্তি, নাচসহ নানা আয়োজন থাকবে। গুণী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। অনুষ্ঠানটির আহ্বায়ক সাইদুল আনাম টুটুল। তিনি বলেন, মুস্তাফা মনোয়ারের নেতৃত্বে ডিরেক্টরস গিল্ডের কর্মাযাত্রা শুরু হয়। দীর্ঘ সময় ধরে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে মুস্তাফা মনোয়ার বিভিন্নভাবে আলোকিত করে রেখেছেন। এই গুণী মানুষটির মঙ্গল কামনা ও দীর্ঘজীবন লাভের উদ্দেশ্যেই এবং সৃষ্টিশীল কর্মজীবনের আলোকে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
১৯৩৫ সালের পয়লা সেপ্টেম্বর এক শিল্পী পরিবারে মুস্তাফা মনোয়ারের জন্ম। তাঁর বাবা কবি গোলাম মোস্তফা, মা জমিলা খাতুন। ছয় ভাই-বোন এর মধ্যে মুস্তাফা সবার ছোট।
মুস্তাফা মনোয়ার প্রথম ভর্তি হয়েছিলেন কলকাতার শিশু বিদ্যাপীঠে। নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিক পাস করে তিনি কলকাতায় গিয়ে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন সায়েন্সে। কিন্তু সেখানে তিনি পড়াশুনা না করে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৯ সালে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম হন মুস্তাফা মনোয়ার।