মুহম্মদ জাফর ইকবালের নাটকে আফজাল
এবার ঈদের জন্য নাটক লিখেছেন মুহম্মদ জাফর ইকবাল। নাম গাব্বু ও প্রফেসর রিফাত। এই নাটকে প্রফেসর রিফাতের চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন। ১৮ জুলাই নাটকটির শুটিং শুরু হবে।আফজাল হোসেন বললেন, ‘মোরশেদ অনেকবার আমাকে নিয়ে কাজ করতে চেয়েছেন। আমি যেহেতু অভিনয়টা নিয়মিত করছি না, তাই রাজি হইনি। এবার গাব্বু ও প্রফেসর রিফাত পড়ে ভালো লেগেছে। আর কাজটা হচ্ছে ছোটদের জন্য। আমি নিজেও ছোটদের জন্য আরেকটি কাজ করেছি। তাই এই নাটকটিও করছি।’ নাটকটির ভাবনা প্রসঙ্গে তিনি বললেন, ‘ছোটদেরকে সবাই ছোট বলে মনে করি। ছোটরা আসলে যে ছোট না, এই গল্পে তা চমৎকার করে তুলে ধরা হয়েছে।’ ছয় বছর ধরে ঈদে মুহম্মদ জাফর ইকবালের লেখা নাটক পরিচালনা করছেন মোরশেদুল ইসলাম। গাব্বু ও প্রফেসর রিফাত নাটকেরও পরিচালক তিনি। জানালেন, গাব্বু এবং তার সঙ্গে আরও কিছু চরিত্রের জন্য আট থেকে ১৪ বছর বয়সী ছেলেমেয়ে প্রয়োজন। যারা আগ্রহী, তাদের ১২ জুলাইয়ের মধ্যে ছবি ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তসহ যোগাযোগ করতে হবে ২০/এ সেন্ট্রাল রোড, ঢাকার চিলড্রেন’স ফিল্ম সোসাইটির কার্যালয়ে।