মুহম্মদ শহীদুল্লাহ্: এক অনন্য মনীষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ এক অনন্য মনীষার নাম। তিনি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে যে গভীরতর নিষ্ঠায় গবেষণা পরিচালনা করেছেন, তাঁর কোনো তুলনা সমকালে খুঁজে পাওয়া ভার। গবেষণা তাঁর কাছে মোটেও উপরিতলের বিষয় ছিল না, বরং তাতে তিনি খুঁজে পেতেন প্রাণের আনন্দ।
বিশিষ্ট গবেষক, বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্র ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে আয়োজিত বক্তৃতানুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। ‘জ্ঞানসাধক শহীদুল্লাহ্ ও তাঁর গবেষণা’ শীর্ষক একক বক্তৃতা দেন অধ্যাপক মাহমুদ শাহ্ কোরেশী। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
অধ্যাপক মাহমুদ শাহ্ কোরেশী বলেন, তুলনামূলক ভাষাবিজ্ঞানে অসামান্য পণ্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একই সঙ্গে তুলনামূলক সমাজবিদ্যা এবং ধর্মতত্ত্বেও সমান মনোযোগী ছিলেন, যার মধ্য দিয়ে মিশ্র সংস্কৃতির সমন্বয় সাধনার সূত্রসন্ধান সম্ভবপর হয়। তাঁর জ্ঞানান্বেষণের ধারাবাহিকতা অনুসরণ করলে একালের গবেষকেরাও সঠিক পথের নির্দেশনা পাবেন। বহু ভাষার দক্ষতাকে কারিগরি বিষয় হিসেবে না দেখে ভাষাকে সভ্যতা ও সংস্কৃতির বিশ্বব্যাপ্ত পাঠের পরিপূরক করে তুলেছেন। অনুষ্ঠানে অধ্যাপক মাহমুদ শাহ্ কোরেশী তাঁর সংগ্রহ থেকে মুহম্মদ শহীদুল্লাহ্র চিঠি, গবেষণাসন্দর্ভসহ বেশ কিছু গবেষণা-উপকরণ বাংলা একাডেমিতে সংরক্ষণের জন্য প্রদান করেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, শুধু বাংলা ভাষার উৎপত্তি ও উদ্ভবকাল বিষয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ্র স্বতন্ত্র উদ্ভাবন ছিল না, একই সঙ্গে সিংহলি ভাষার উৎপত্তিবিষয়ক তাঁর মতামতও প্রামাণ্য বলে বিবেচিত হয়েছে। ভাষা ও সাহিত্য নিয়ে তাঁর দূরবিস্তৃত গবেষণাচিন্তা বঙ্গীয় গবেষণাধারাকে বিপুলভাবে সমৃদ্ধ করেছে। শামসুজ্জামান খান বলেন, ‘অসাধারণ পাণ্ডিত্য তাঁর ব্যক্তিত্বে যোগ করেছে মানবিক দ্যুতি। এ জন্যই ভাষাতত্ত্বের পরিসর ছাপিয়ে সমাজরাষ্ট্রের নানা সংকটক্ষেত্রে তাঁকে আমরা সোচ্চার হতে দেখি।’ তিনি আরও বলেন, ‘আমাদের জাতিসত্তার পরিচয় নির্ণয়ের ক্ষেত্রে তিনি যে অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দিয়েছেন, তা তাঁর অখণ্ড মানবধর্মবোধেরই সাক্ষ্য বহন করে।’