মুহিনের 'বাংলা ঢোল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহিন
মুহিন

ভালোবাসা দিবস উপলক্ষে নতুন বছরে মুক্তি পাচ্ছে ক্লোজআপ তারকাখ্যাত মুহিনের নতুন একক গানের অ্যালবাম। নাম ‘বাংলা ঢোল’। এটি তাঁর চতুর্থ একক। মুহিনের এবারের অ্যালবামে মোট গান থাকবে ১২টি। এর মধ্যে ১১টি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে শুধু দ্বৈত গানের কাজ।
গাওয়ার পাশাপাশি অ্যালবামের জন্য দুটি গান লিখেছেন এবং পাঁচটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মুহিন। আর অন্য গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন জোহান আলমগীর, সুমন কল্যাণ, মাসুম, আল আমিন এবং আর আজিজ টিটো।
অ্যালবাম প্রসঙ্গে মুহিন বলেন, ‘গল্প এন্টারটেইনমেন্টের ব্যানারে আমার নতুন অ্যালবামে ১২টি গানই ভালোবাসার। গানের শিরোনামগুলো এমন—পূর্ব পশ্চিম, টো টো কোম্পানি, তুমি তো নিঃশ্বাস, রংধনু রং, চিলেকোঠা প্রভৃতি।’
‘বাংলা ঢোল’ প্রসঙ্গে মুহিন বলেন, ‘টানা দুই বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি। গানগুলো করতে প্রায় এক বছর সময় নিয়েছি। চেষ্টা করেছি আগের তিনটি অ্যালবামের বাইরে গিয়ে নতুন কিছু করতে। আশা রাখছি অতীতের মতো এবারও শ্রোতাদের ভালোবাসা পাব।’
উল্লেখ্য, মুহিনের সর্বশেষ একক ‘ঘুম আসে না’। ২০১১ সালে প্রকাশিত অ্যালবামটি বাজারে এনেছে জি-সিরিজ। এর আগে প্রকাশিত অন্য দুটি অ্যালবাম হচ্ছে ‘গোপন কথা’ (২০০৯) এবং ‘তোমার জন্য’ (২০০৮)।