মূকাভিনয়ে ‘স্বাধীনতা সংগ্রাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় চলমান ‘মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব’-এ আগামীকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে স্বপ্নদলের মূকাভিনয় প্রযোজনা স্বাধীনতা সংগ্রাম-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। স্বাধীনতা সংগ্রাম-এর পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন স্বপ্নদলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের চেয়ারম্যান জাহিদ রিপন।লোকখেলা, নৌকাবাইচ, জারি-সারি, পুতুলনাচ, উৎসব-মেলা-আনন্দে ঘেরা হাজার বছরের ঐতিহ্যময় সাম্প্রদায়িক সম্প্রীতির আবহমান বাংলা। কৃষিভিত্তিক এই ভূখণ্ডের স্বাভাবিক বিকাশপথে অপ্রত্যাশিতভাবে শান্তিপ্রিয় বাঙালির ওপর স্বার্থগত কারণে পাকিস্তানিরা বর্বর হামলা চালায়। আর এতে হানাদারদের সহযোগী হয় বাংলারই অন্ন-জলে বেড়ে ওঠা সুবিধাবাদী কিছু স্বাধীনতাবিরোধী! অনিবার্য মুক্তির আহ্বানে তখন বাংলার নির্যাতিত মানুষ একতাবদ্ধ হয়ে দাঁড়ায় এদের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় বাঙালির লাল-সবুজের পতাকা। এ প্রেক্ষাপট অবলম্বনেই নির্মিত হয়েছে স্বপ্নদল প্রযোজনা মূক-আঙ্গিকে বাঙালির গৌরবগাথা স্বাধীনতা সংগ্রাম।মূকাভিনয় স্বাধীনতা সংগ্রাম-এ অভিনয় করেছেন শ্যামল, সুকন্যা, সামাদ, শিশির, শাহীন, মোস্তাফিজ, সোনালী, মিতা, শুভ, মাধুরী, সাহান, ইউসুফ, রেজাউল, চঞ্চল প্রমুখ।উল্লেখ্য, এবারের ‘মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব’-এ ১০২টি প্রযোজনার মধ্যে মাত্র দুটি মূকাভিনয় প্রযোজনা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্টের প্রযোজনায় ফ্রিডম-এর মঞ্চায়ন ৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে এবং ১১ জুলাই স্বপ্নদলের প্রযোজনায় স্বাধীনতা সংগ্রামই এই উৎসবের সর্বশেষ মূকাভিনয় পরিবেশনা।