মার্সেল মার্সো মূকাভিনয়শিল্পে এতটাই প্রভাব বিস্তার করেছেন যে বিশ্বব্যাপী মূকাভিনয় চর্চার বেশির ভাগ শিল্পীই তাঁকে অনুকরণ করেন। যুগে যুগে তাঁর অনুকরণে অনেকে সাদা মেকআপ, কালো-সাদা বা সাদা-কালো স্ট্রাইপ পোশাকই মূকাভিনয়ের ট্রেড মার্ক পোশাকে মঞ্চে নামেন। গতকাল ২২ মার্চ ছিল তাঁর জন্মদিন এবং বিশ্ব মূকাভিনয় দিবস। এ দিনকে উপলক্ষ করে শিল্পকলা একাডেমিতে আয়োজিত তিন দিনব্যাপী মূকাভিনয় উৎসবের গতকাল বুধবার ছিল দ্বিতীয় দিন।
গতকাল বিকেলে বিশ্ব মূকাভিনয় দিবসে শোভাযাত্রা এবং সেমিনার হয়। ‘মূকাভিনয়ের শিল্পরূপ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিজোয়ান রাজন। আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাবুল বিশ্বাস, ইস্রাফিল আহমেদ, জাহিদ রিপন, নিথর মাহবুব, মীর লোকমান প্রমুখ।
‘শুদ্ধ সংস্কৃতি রুখবে, অপসংস্কৃতির সকল দ্বার’ স্লোগান নিয়ে উৎসবের দ্বিতীয় দিনের সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে স্বপ্নদলের মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’-এর বিশেষ মঞ্চায়ন হয়। ‘আরব্য রজনী’র অমর কাহিনি আলাদিনের আশ্চর্য প্রদীপ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য আলাদিনের আশ্চর্য প্রদীপকে নতুনভাবে বিন্যস্ত করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল বক্তব্য।
অভিনয় করছেন জুয়েনা, শিশির, অনিন্দ্য, সোনালী, সামাদ, শ্যামল, মোস্তাফিজ, শাওন, আঁচল, তানভীর, জেবু, ঊষা, অন্তর, নাবলু, সম্রাট, রাজু, জাহিদ, বিপুল, কাসপিয়া প্রমুখ।
আজ ২৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইনামুল হক। মূকাভিনয় করবে প্যান্টোমাইম মুভমেন্ট, জেন্টলম্যান প্যান্টোমাইম ও শ্রুতি সাংস্কৃতিক একাডেমি।