মূল বিচারকদের ছাড়াই চূড়ান্ত প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভির সংগীতবিষয়ক রিয়ালিটি শো ‘গোল্ডেন কি এবার তোমরা গাও’ শুরু হয়েছিল গত বছরের ৯ অক্টোবর। তখন বিচারক ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, সামিনা চৌধুরী, শওকত আলী ইমন ও বাপ্পা মজুমদার। ১২ মে সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই বিচারকদের ছাড়াই আয়োজন করা হচ্ছে প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান। জানা গেছে, শুধু চূড়ান্ত অনুষ্ঠানের জন্য নতুন চারজন বিচারককে আনার সিদ্ধান্ত নিয়েছে আরটিভি কর্তৃপক্ষ। এই আয়োজনে মূল পরিকল্পনাকারী এবং ইভেন্ট পরিচালক ইজাজ খানকেও চূড়ান্ত অনুষ্ঠানের সঙ্গে রাখা হয়নি। এরই মধ্যে সেরা দশে নির্বাচিত হয়েছেন আরিফ, স্বীকৃতি, সবুজ, খেয়া, ফারহানা, রুমা, বাশার, পিয়াস, মুক্তি ও সালাহউদ্দিন। তাঁদের মধ্য থেকে নির্বাচিত সেরা শিল্পীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে গাড়ির চাবি ‘গোল্ডেন কি’।৪৩ পর্ব প্রচারিত হওয়ার পর হঠাৎ করেই মাসখানেক আগে অনুষ্ঠানটির প্রচার বন্ধ হয়ে যায়। এরপর আর কোনো পর্ব না বাড়িয়ে তড়িঘড়ি করে অনুষ্ঠানটি শেষ হচ্ছে। প্রতিযোগিতা থেকে অনেক আগেই নিজেদের সরিয়ে নিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও বাপ্পা। চূড়ান্ত প্রতিযোগিতার অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহী নন ইমন। অন্যতম বিচারক সামিনা চৌধুরী বললেন, ‘চূড়ান্ত প্রতিযোগিতার ব্যাপারে আমাকে ইভেন্ট পরিচালক কিংবা আরটিভি থেকে কিছুই জানানো হয়নি।’সামিনা জানান, প্রতিযোগীদের কাছ থেকে মানসম্মত পরিবেশনা পাওয়ার জন্য সাত মাস বিচারকের কাজের পাশাপাশি তিনি প্রতিযোগীদের নিয়মিত গ্রুমিং করিয়েছেন। অভিযোগ উঠেছে, আরটিভি কর্তৃপক্ষ মাঝপথে এসে অনুষ্ঠানটির খরচ দেওয়া থেকে বিরত থেকেছে। অনুষ্ঠানটির প্রচার অব্যাহত রাখার জন্য ইজাজ খান পরিচিতজনদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে পর্ব তৈরি করেছেন। যখন আর পারেননি, তখন বন্ধ করে দিতে বাধ্য হন। এখন সেই টাকাও আরটিভি কর্তৃপক্ষ আটকে দিয়েছে। এদিকে ইজাজ খান দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও এই প্রতিযোগিতার প্রকল্পপ্রধান ম হামিদ বলেন, ‘প্রতিযোগিতার ব্যাপারে আমরা কিছুই জানতে পারছিলাম না। হঠাৎ বন্ধ হয়ে গেল। এদিকে ১০ জন প্রতিযোগীও পেয়ে গেছি। তাই আরটিভি তাঁদের নিয়েই অনুষ্ঠানটি শেষ করার উদ্যোগ নিয়েছে।’