অন্ধকারে পরী নামে—আগে তো এমন রূপকথা প্রায়ই শোনা যেত। নাট্যশালার দরজা ঠেলে অন্ধকার মিলনায়তনে আলোকোজ্জ্বল মঞ্চ। সেখানে চলছিল নাগরিক নাট্যাঙ্গনের গহর বাদশা ও বানেছাপরী। মঞ্চের রূপবতী অভিনেত্রীই সেই বানেছাপরী?
মূল মিলনায়তনে অনেক দর্শক নাটক দেখছিলেন। অন্ধকারে টুপি পরা একজন চেনা মানুষকে দেখা যায়, তিনি নাট্যজন ইনামুল হক। একই সময় পরীক্ষণ থিয়েটারে চলছিল বন্দুক যুদ্ধ ও গাধার হাট। কাল সন্ধ্যা সাতটায় সেখানে মঞ্চস্থ হবে মহাজনের নাও এবং মূল মিলনায়তনে কোর্ট মার্শাল।
শিল্পকলা একাডেমির কর্মচারী ইউনিয়নের ৩৭ বছর পূর্তি উপলক্ষে সোমবার শুরু হয়েছে এ নাট্যোৎসব। পাঁচ দিনের এ উৎসবে দুটি মিলনায়তনে দেখানো হচ্ছে দশটি দলের দশটি চমৎকার নাটক। উৎসবে দর্শক উপস্থিতি নিয়ে ভীষণ আনন্দিত ইউনিয়নের সভাপতি এস এম সালাউদ্দিন। তিনি জানালেন, এ আয়োজনের মাধ্যমে কর্মচারীরা ভীষণ অনুপ্রাণিত হয়েছেন।