মূল্যবোধ জাগানোর নাট্যোত্সব আজ থেকে
মূল্যবোধের নাটক নিয়ে আজ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘মূল্যবোধের নাট্যোৎসব ২০১৬’। উৎসবের প্রথম ধাপে ঢাকার মঞ্চে হবে ২০টি জেলার ২০টি নাটক। বাঙালির সাম্প্রতিক সংকট, মূল্যবোধের সংকট। এ থেকে উত্তরণের পথ সন্ধানেই এ উৎসবের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ধাপে ধাপে ৬৪ জেলার শিল্পকলা একাডেমির নাটক মঞ্চস্থ হবে।
আজ সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
উদ্বোধনী সন্ধ্যায় আজ মঞ্চস্থ হবে শামীম সাগরের নির্দেশনায় কুষ্টিয়া জেলার নাটক নটনন্দন ও শাহিনুর রহমানের নির্দেশনায় জামালপুর জেলার নাটক সপ্তর্ষী। কাল সন্ধ্যা ৬টায় থাকছে তারেকুজ্জামানের নির্দেশনায় দিনাজপুরের নাটক উপলব্ধি, সন্ধ্যা ৭টায় শরীফ চৌধুরীর নির্দেশনায় চাঁদপুরের নাটক প্রিয় দর্শন ও রাত ৮টায় বাকার বকুলের নির্দেশনায় ঢাকার নাটক মুল্লুক।