মৃণাল সেন সুস্থ আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃণাল সেন
মৃণাল সেন

আজ সকালে টুইটারে গুজব ছড়িয়ে পড়ে, প্রখ্যাত নির্মাতা মৃণাল সেন মারা গেছেন! তবে পরিবার থেকে জানানো হয়েছে, কিছুই হয়নি তাঁর, একদম ঠিক আছেন তিনি।
টুইটারে মৃণাল সেনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর অনেকেই এই গুণী নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করতে শুরু করেন। এমনকি এঁদের মধ্যে ছিলেন অমিতাভ ঘোষের মতো লেখকও।
অমিতাভ ঘোষ টুইট করেন, ‘শিল্পের জন্য খুব দুঃখের দিন : তিন প্রবাদপ্রতিম, বীণা সাহাস্রাবুদ্ধে, মৃণাল সেন ও কেজি সুব্রামানিয়ান কয়েক ঘণ্টার ব্যবধানে চলে গেলেন।’
গোয়ালিয়র ঘরানার শাস্ত্রীয় সংগীতশিল্পী বীণা সাহাস্রাবুদ্ধে ও প্রখ্যাত চিত্রশিল্পী কে জি সুব্রামানিয়ান গতকাল মারা যান।
গুজব ছড়িয়ে পড়ার পর মৃণাল সেনের পরিবার থেকে বলা হয়, তিনি সুস্থ আছেন।
৯৪ বছর বয়সী এ চলচ্চিত্রকার ভারতীয় সমান্তরাল চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ। ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভুবন সোম’-এর মতো চলচ্চিত্রগুলোর নির্মাতা মৃণাল সেন একাধিকবার ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন, পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার। কান, বার্লিন, ভেনিস, মস্কো, কার্লোভি ভ্যারি, মনট্রিল, শিকাগো ও কায়রো চলচ্চিত্র উৎসবের মতো প্রধান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোও তিনি জয় করেছেন তাঁর ছবি দিয়ে। ফরাসি সরকার তাঁকে সে দেশের সর্বোচ্চ সম্মান ‘কমান্ডার অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লিটারেচার’ পুরস্কারে ভূষিত করে। ইন্ডিয়ান এক্সপ্রেস।