মৃণাল সেনের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের এখন বয়স ৮৮ বছর। গত শনিবার ছিল মৃণাল সেনের জন্মদিন। এই জন্মদিনের প্রাক্কালে শুক্রবার কলকাতার সংস্কৃতিকেন্দ্র নন্দন-৩-এ এক অনুষ্ঠানে সংবর্ধনা জানায় ওয়েস্ট বেঙ্গল ফিল্ম সেন্টার, ক্যালকাটা ফিল্ম সোসাইটি ও নন্দন। সংবর্ধনা অনুষ্ঠানে অতীতের স্মৃতিচারণা করে মৃণাল সেন বলেছেন, তাঁর ইচ্ছা আরেকটি ছবি তিনি বানাবেন। কারণ, তাঁর অস্থিমজ্জায় তো শুধু ছবির কথা। স্মৃতি হাতড়ে মৃণাল সেন আরও বলেন, ‘ফরিদপুর থেকে যখন কলকাতায় চলে এলাম, তখন কলকাতা শহর দেখে ঘাবড়ে গিয়েছিলাম। মনে হতো, আমি বোধহয় হারিয়ে যাব এই বিশাল শহরে। কিন্তু হারাইনি। কলকাতা আমাকে গ্রহণ করেছে। আমাকে অনেক কিছু দিয়েছে। তাই আমার ইচ্ছা কলকাতায় আরও একটি ছবি বানানোর।’জন্মদিনকে ঘিরে এদিন নন্দন-৪-এ দেখানো হয় মৃণাল সেনের ওপর তৈরি একটি তথ্যচিত্রও। নন্দন-৩-এ এদিন প্রদর্শিত হয় তাঁর পরিচালিত ছবি ভুবনসোম। এ ছাড়া রবি ও সোমবার নন্দনে দেখানো হচ্ছে মৃণাল সেন পরিচালিত বেশ কটি ছবি। মৃণাল সেন ১৯২৩ সালের ১৪ মে জন্মেছিলেন বাংলাদেশের ফরিদপুর শহরে। ১৯৪৩ সালে ফরিদপুরের রাজেন্দ্র কলেজে পড়াশোনার সময় উচ্চশিক্ষার জন্য চলে আসেন কলকাতায়।