মৃণালের জন্মদিনে নতুন বই

চলচ্চিত্রনির্মাতা মৃণাল সেনের জন্ম বাংলাদেশের ফরিদপুরে, ১৯২৩ সালের ১৪ মে। আজ পূর্ণ হলো তাঁর ৯২ বছর। স্কুলপর্ব শেষে মৃণাল সেন ভর্তি হন কলকাতার স্কটিশ চার্চ কলেজে। পোস্ট গ্র্যাজুয়েট করেন পদার্থবিদ্যায়। দেশভাগের পর রয়ে যান সেখানেই। চলচ্চিত্র-নন্দনতত্ত্ববিষয়ক বই পড়ে এবং ১৯৫২ সালে কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র দেখে এ মাধ্যমের প্রতি তাঁর উৎসাহ জন্মে। জীবিকার কারণে মেডিকেল রিপ্রেজেনটেটিভের চাকরি নিয়েও ছেড়ে দেন চলচ্চিত্র নির্মাণের নেশায়। কলকাতা ফিল্ম স্টুডিওতে অডিও টেকনিশিয়ান হিসেবে যোগ দেন। সব ছেড়ে ১৯৫৫ সালে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। ২০০২ সালে ৮০ বছর বয়সে নির্মাণ করেন সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমার ভুবন। তাঁর সৃষ্টিগুলো বিভিন্ন চলচ্চিত্র উত্সবে পুরস্কৃত হয়েছে; তিনি নিজেও বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
তাঁর জন্মদিন উপলক্ষে সম্প্রতি এমন সব তথ্য নিয়েই সাজেদুল আউয়াল সম্পাদিত মৃণাল মানস নামে একটি বই প্রকাশিত হয়েছে। রোদেলা প্রকাশনী থেকে বেরিয়েছে এ বই।