মৃত মাধুরীর কণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধকার একটা ঘরের মধ্যে আমরা তখন ওজুর টোকিও স্টোরি দেখছিলাম। আস্তে আস্তে পরিবারব্যবস্থা ভেঙে পড়ছে, প্রয়োজন সম্পর্কের চেয়ে বড় হয়ে উঠছে; ওজুর ছবিতে কোনো প্রতিপক্ষ নেই, সময়ই যেন প্রতিপক্ষ!টেবিলের ওপর টেলিফোন রাখা ছিল, সাইলেন্ট। কিছু বিরতি দিয়ে পর পর দুবার মোবাইলের আলো জ্বলে উঠল, দুইটা ম্যাসেজ! এ রকম কত্তো ম্যাসেজ আসছে। তবু কেন যেন ছবিতে আর মন বসল না, আলোতে বেরিয়ে এলাম। তখনো ছাত্ররা ছবি দেখছে। মুহূর্তে সবকিছু অন্য রকম হয়ে গেল। ততক্ষণে সবাই জেনে গেছে, তারেক-মিশুক আর বেঁচে নেই।ঘোরের মধ্যে অনেকের সঙ্গে ডেইলি স্টার-এর আটতলায় উঠে এলাম। টেলিভিশনে স্ক্রল করে ব্রেকিং নিউজ দেখাচ্ছে। আমি পশ্চিম দিকের জানালার কাছে সরে এলাম, একা।ওই তো ইন্দিরা রোডের মাথায় মফিজ চৌধুরীর বাড়ি, একতলা একটা পুরোনো সবুজ দালান ছিল, সামনে বড় টিনের গেট।আমরা তখন আসাদগেটের অডিও ভিশনের বাড়িভাড়া দিতে পারছি না, আমরা মানে তারেক মাসুদ! ছফা ভাই সব শুনে এই বাড়িটার ব্যবস্থা করে দিলেন। মফিজ চৌধুরী এ বাড়িতে লেখালেখির কাজ করেন। শর্ত হচ্ছে, এখন উনি শেক্সপিয়ার অনুবাদ করছেন, যদি সে অনুবাদ কখনো শুনতে ডাকেন, বিনা বাক্যে তা পালন করতে হবে। শর্ত সহজ, আমরা এই বাড়িতে উঠে এলাম। এখানেই প্রথম আমি ছফা ভাইয়ের সঙ্গে ক্যাথরিনকে দেখি!তার আগে দুই বছর আসাদগেটের অডিও ভিশন। সেখানে কে ছিল না—আমরা চার-পাঁচজন পারমানেন্ট আর অন্যরা আসছে, যাচ্ছে, থাকছে। শিল্পী, সাহিত্যিক, আলোকচিত্রী আর চলচ্চিত্রনির্মাতা—সবাই অখ্যাত, অথবা সামান্য খ্যাত—সবার মধ্যে কিছু করার গোঁয়ার আবেগ। এই বাড়িতে আমরা কত দিন অনাহারে থেকেছি, তারই মধ্যে তারেক তার ভরাট গলায় জেমস মোনাকোর নিউ ওয়েভ থেকে পড়ে শুনিয়েছে অথবা ইয়েটস। তারেকের ওই এক গুণ ছিল, সবাইকে একসঙ্গে করে ফেলতে পারত। মৃত্যুর সময়ও ওর সঙ্গে সেই ৩০ বছরের পুরোনো বন্ধু মিশুক, মামুন, ক্যাথরিন—হয়তো আমিও থাকতে পারতাম, যদি আগের রাতে তারেক আমাকে ফোন করত, আমি নিশ্চিত যেতাম, যেতামই...।যদি বিকেলে ছবি দেখা না হতো, তবে অতি অবশ্যই আমরা বিশ্বসাহিত্য কেন্দ্রে যেতাম। কেন্দ্র তখন আরও ছোট ছিল, সামনে একটুকরো সবুজ মাঠের ওপাশে পুরোনো দিনের হলুদ বাড়ি আর আমতলায় তাহের ভাইয়ের ক্যানটিন। সেখানেও সিনেমা, লিটল ম্যাগাজিন, কবিতা, বই—ফিরতাম রাতে। কখনো কখনো সাঈদ স্যার চলে গেলে মিউজিক রুমে গান শুনতাম। কেন্দ্রে ওই একটা ঘরেই তখন এসি চলত। স্যারের একধরনের প্রশ্রয় হয়তো ছিল। কিন্তু সবাই সৎ প্রচেষ্টাকে মূল্য দিত। একে অন্যের কথা শোনার ধৈর্য তখনো আমাদের ছিল। তীব্র ঝগড়ার পর আমরা কাঁধে হাত রেখে বাড়ি ফিরতাম। তখন শহরে সর্বত্র রিকশা চলত, টেলিভিশন মানুষকে এত গ্রাস করেনি। তারেককে বাদ দিলে এগুলো আর গল্প থাকবে না; কিংবা এগুলো কি এখন কোনো অর্থ বহন করছে? আমি কবি নই, শব্দের ঊর্ধ্বে শব্দের কোনো অর্থ তৈরি করতে পারি না। ৪০০ শব্দের মধ্যে আমি কী করে তারেককে নিয়ে লিখি?সিনেমা ছিল নেশার মতো। ৪৬ নিউ এলিফ্যান্ট রোডের শর্ট ফিল্ম ফোরামের ছোট্ট অফিস, ভাঙা টাইপরাইটার, ফেস্টিভালের ছবি আসছে, দেখা হচ্ছে। যেন এটাই পৃথিবীর শেষ চলচ্চিত্র উৎসব! অথবা ভ্যানে করে ১৬ মিলিমিটারের প্রজেক্টর নিয়ে মানিকগঞ্জের গ্রামে গিয়ে ছবি দেখানো! কী ছিল সেগুলোর মধ্যে, উন্মাদনা ছাড়া! আর আদম সুরত, তারেকের ছবি। মইনুদ্দীন খালেদ মজা করে বলত, ‘সিনেমা দেরিতে’ (সিনেমা ভেরিতের সঙ্গে মিল রেখে) মিশুক সেখানে মধ্যমণি। বিশেষ করে ক্যামেরার ব্যাপারে। আর ছিলেন এস এম সুলতান। নড়াইলে শুটিং করতে গেলেই আমাদের অনেক কাঁচাবাজার করতে হতো। তারেক আমাকে একদিন বলেছিল, সুলতান ভাইদের নাকি মাঝেমধ্যেই কাঁঠাল খেয়ে থাকতে হয়।সবকিছুর সঙ্গে তারেকের সম্পর্ক ছিল নিবিড়, ফলে কোথাও না কোথাও ওর ছবিতে এগুলো আছে, সেটাই হয়তো লোকে এত পছন্দ করে। মাটির ময়নার প্রথম আধা ঘণ্টা তো জাদুর মতো আপনাকে অন্য কোথাও নিয়ে যাবে। হাসতে হাসতে একদিন বলেছিল, দেখো, বাংলা সিনেমার বড় তিনজন পরিচালকই কেমন লম্বা! তোমরা সব ডোয়র্ফ, আমাকে দেখো...। শহীদ মিনারে এত অচেনা মানুষের ভিড় দেখে আমার সেটাই মনে হচ্ছিল। ‘এবাভ এভারেজ’। আর বুকে বাজছিল, মৃতদেহ নিয়ে সংবাদকর্মীদের অসংবেদনশীল নির্দয় আচরণ। এ দেশে মরেও শান্তি নেই!তারেকের বাড়ি থেকে বেরিয়ে এলাম। পিয়ানোর ওপরে রাখা তারেক-ক্যাথরিন আর নিষাদের হাস্যোজ্জ্বল ছবি। কাঁদতে কাঁদতে তারেকের মা বলছিলেন, কয়েক দিন আগে বৃষ্টির মধ্যে একটা বল নিয়ে তারেক আর নিষাদ কেমন খেলছিল।আজও আকাশ মসি মাখা, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মামুন এখনো হাসপাতালে। আমাদের সবার মন বিষাদে ম্রিয়মাণ। আজ আমি কী লিখব? আজ নিষাদের জন্য মন খারাপ।