মৃত্যু-আতঙ্কে ক্রিস্টেন
এমনিতেই নিদারুণ চাপের মধ্যে আছেন টোয়াইলাইট তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। প্যাটিনসনের সঙ্গে প্রতারণার শাস্তি হিসেবে নিজেকে প্রায় গৃহবন্দী করে ফেলেছেন তিনি। সম্প্রতি এর ওপর আবার ভর করেছে মৃত্যুভয়। ইদানীং স্টুয়ার্টের নাকি মনে হচ্ছে, শিগগিরই কেউ একজন ফেসবুক কিংবা টুইটারের মাধ্যমে তাঁর অবস্থান জেনে মেরে ফেলবে তাঁকে। এক খবরে জানিয়েছে ই-অনলাইন।চলচ্চিত্রনির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ক্রিস্টেন স্টুয়ার্টের পরকীয়ার খবর চাউর হওয়ার পর থেকে আজ পর্যন্ত ক্রিস্টেনকে নিয়ে কম আজেবাজে মন্তব্য ছড়ায়নি ইন্টারনেটে; সামাজিক যোগাযোগের সাইটগুলোতে। দীর্ঘদিনের প্রেমিক রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রতারণার কারণে ফেসবুক কিংবা টুইটারের মতো সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটগুলোতে অত্যন্ত রূঢ় ভাষায় ক্রিস্টেনের নিন্দা করছেন অনেকেই। এদিকে আবার খবর রটেছে, ক্রিস্টেনকে ছেড়ে নতুন এক স্বর্ণকেশীর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছেন প্যাটিনসন। সব মিলিয়ে নিদারুণ মানসিক চাপের মধ্য দিয়ে সময় পার করছেন ২২ বছর বয়সী ক্রিস্টেন। এ জন্য সম্ভবত উল্টাপাল্টা ভাবনা ভর করেছে তাঁর ওপর। নিজের মৃত্যুভয় সম্পর্কে ক্রিস্টেনের ভাষ্য, ‘ফেসবুক কিংবা টুইটারের মতো ওয়েবসাইটগুলো আমার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। আজকাল এসব ওয়েবসাইটের মাধ্যমে কারও অবস্থান জানাটা কোনো বিষয়ই নয়।’ক্রিস্টেন আরও বলেন, ‘ইদানীং প্রায়ই মৃত্যুভয় হানা দিচ্ছে আমার ওপর। মনে হচ্ছে, টুইটার কিংবা ফেসবুকের মাধ্যমে একদিন কেউ একজন আমার অবস্থান জেনে নিয়ে আমাকে হত্যা করবে। এভাবেই সবকিছু শেষ হয়ে যাবে।’ অবশ্য সামাজিক যোগাযোগের সাইটগুলোর প্রশংসাও করেছেন স্টুয়ার্ট। বলেছেন, ‘সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটগুলো ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি হলেও মানুষকে খুশি রাখার দারুণ একটি মাধ্যম।’